• বেলুড়ে জমা জলে ভোগান্তি এমএলবি রোড অবরোধ বাসিন্দাদের
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাস্তা নয়, যেন টইটম্বুর দিঘি! সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান জলে ডুবে যায় বেলুড় স্টেশন রোড সংলগ্ন এমএলবি রোড। বৃষ্টি থেমে রোদ উঠলেও ঘণ্টার পর ঘণ্টা জল নামে না। তার উপর খানাখন্দে ভরা রাস্তা। দীর্ঘদিনের এই দুর্ভোগের প্রতিবাদে শনিবার সকালে এমএলবি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

    স্থানীয়দের অভিযোগ, বেলুড় স্টেশনের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তার নিকাশি ব্যবস্থা বহু বছর ধরেই কার্যত অচল। সামান্য বৃষ্টিতেই ম্যানহোল উপচে জল জমে রাস্তায়। এমনিতেই গোটা রাস্তার দশা বেহাল। তার উপর জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জল-কাদার ভেঙে যাতায়াত করতে গিয়ে প্রায় প্রতিদিনই শিশু থেকে প্রবীণ— অনেকেই পড়ে গিয়ে আহত হচ্ছেন বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, এই রাস্তা দিয়েই প্রতিদিন বহু মানুষ বালি স্টেশন সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। কিন্তু জমা জলের কারণে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনই সমস্যায় পড়ছেন পথচারীরা। এ কারণে সাপ-পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে। বিশেষ করে স্কুল পড়ুয়াদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। বৃষ্টি বেশি হলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দোকানপাটও বন্ধ রাখতে হয় ব্যবসায়ীদের।

    স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের তরফে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কাজ হয়নি। পুরসভা ও প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা পরিষ্কার করে জমা জলের সমস্যা স্থায়ীভাবে মেটাতে হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)