• পুলিশ হেপাজতেই নির্মল, মেয়াদ বাড়ল আরও ২ দিন
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ‘ক্ষমতার লোভেই অভয়ার বাবা-মা পাগল হয়ে গিয়েছেন’। দ্বিতীয় দফার পুলিশ হেপাজত শেষে শনিবার বারাকপুর আদালতে তোলার সময় এই মন্তব্য করেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। তিনি বলেন, শ্মশানবন্ধুকে মিথ্যা মামলায় আটকানো যায় না। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে। অভয়া কাণ্ডে তাঁকে পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানায় সরকারপক্ষ। এই আরজি মেনে বিচারক দু’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। আগামী সোমবার তাঁকে বারাকপুর আদালতে পেশ করা হবে। একইসঙ্গে লটারি কাণ্ডে নির্মল ঘোষকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এবং তোলাবাজি কাণ্ডে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।

    গত ৯ আগস্ট পানিহাটিতে দাঁড়িয়ে নির্মল ঘোষ সহ তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারাকপুরের পুলিশ কমিশনার অমিত সিংকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে অভয়ার বাবা শেখররঞ্জন দেবনাথ খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ১৩ আগস্ট ওড়িশার বালেশ্বরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় নির্মল ঘোষকে। অভয়া কাণ্ড ছাড়াও লটারি প্রতারণা ও তোলাবাজির মামলায় গ্রেপ্তার করা হয় এই তৃণমূল নেতাকে। এই তিনটি মামলায় মোট ১৫ দিন পুলিশ হেপাজত হয় তাঁর। এদিন তার মেয়াদ বাড়ল আরও দু’দিন। মামলা প্রসঙ্গে নির্মল ঘোষ দাবি করেন, যে সব অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মানুষই এর জবাব দেবে।
  • Link to this news (বর্তমান)