বছর ছয়ের এক নাবালিকাকে অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যু হলো পুলিশের গুলিতে। শনিবার রাতে গ্রেটার নয়ডা এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম বলরাজ। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ছ’বছরের এক নাবালিকাকে অপহরণ ও খুনের অভিযোগে বলরাজকে গ্রেপ্তার করতে গেলে অভিযুক্ত বলরাজ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই মৃত্যু হয়েছে অভিযুক্তের।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বলরাজ নাবালিকার পরিচিত। শনিবার সকালে নাবালিকাকে তার বাড়ি থেকে কিছু দূরে নিয়ে যায় বলরাজ। এরপরে সেখানে তাকে খুন করে দেহটি একটি বস্তার মধ্যে ভরে একটি মাঠের মধ্যে ফেলে দেয় সে। এ দিকে দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও নাবালিকা বাড়ি না ফেরায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। খবর দেওয়া হয় পুলিশেও।
এরপরে পুলিশ তদন্ত শুরু করলে একটি মাঠ থেকে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভিতে বলরাজের সঙ্গে ওই নাবালিকাকে দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাবালিকাকে নিয়ে একটি গলির মধ্যেও ঢুকতে দেখা যায় তাকে। কিছুক্ষণ পরে ঘাড়ে একটি সাদা বস্তা নিয়ে গলি থেকে বেরোয় সে।
বলরাজকে খুঁজে বের করার জন্য পাঁচটি বিশেষ দল গঠন করে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই বলরাজকে খুঁজে বের করে পুলিশ। এরপরে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে একটি পিস্তল থেকে গুলি চালায় বলরাজ। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময়েই একটি গুলি বলরাজের গায়ে লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাবালিকা এবং বলরাজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নাবালিকাকে খুনের আগে যৌন নির্যাতন করা হয়ে থাকতে পারে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত বলরাজ কোথা থেকে পিস্তল সংগ্রহ করল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।