• হাসপাতালে ক্যাথ ল্যাব, অনুমোদন স্বাস্থ্যভবনের
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • এই সময়, বালুরঘাট: হার্টে সমস্যা ধরা পড়লেই এতদিন দক্ষিণ দিনাজপুরের বাইরে চিকিৎসার কথা ভাবতে হতো জেলাবাসীকে। বিশেষ করে জটিল হৃদরোগের ক্ষেত্রে কলকাতা বা দুর্গাপুরই ছিল জেলাবাসীর ভরসা। এ বার সেই পরিস্থিতি বদলাতে চলেছে। বালুরঘাট জেলা হাসপাতালেই অত্যাধুনিক ক্যাথ ল্যাব তৈরির অনুমোদন দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

    শুক্রবার বালুরঘাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ক্যাথ ল্যাব চালু হলে হৃদযন্ত্রে রক্তনালিতে ব্লকেজ কিংবা অন্য কোনও সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করা সম্ভব হবে। শুধু রোগ নির্ণয় নয়, প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কিছু চিকিৎসাও করা যাবে। এই হাসপাতালের উপরে শুধু শহর নয়, গোটা জেলা নির্ভরশীল।

    অথচ এই হাসপাতালে কেউ হার্টের সমস্যা নিয়ে এলে তাঁকে জেলার বাইরে রেফার করা হয়। এখানে ক্যাথ ল্যাব চালু হলে সমস্যা অনেকটা কমবে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। তাঁদের মতে, হৃদযন্ত্রে রক্তনালির সমস্যা চিহ্নিত করতে ক্যাথ ল্যাব গুরুত্বপূর্ণ। অ্যাঞ্জিওগ্রাফির মতো পরীক্ষার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ইন্টারভেনশনাল চিকিৎসার ক্ষেত্রেও এই পরিকাঠামো ব্যবহার করা হয়।

    আগামী ২ সেপ্টেম্বর বালুরঘাটে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রস্তাবিত মেডিক্যাল কলেজের পরিকাঠামো-সহ একাধিক বিষয় খতিয়ে দেখতে পারেন তিনি। এই আবহে ক্যাথ ল্যাবের অনুমোদনের বিষয়টি আরও একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখছে চিকিৎসক মহলের একাংশ।

    সুকান্ত বলেন, 'বালুরঘাট জেলা হাসপাতালে ক্যাথ ল্যাব চালু করার জন্য আমি স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপরেই ক্যাথ ল্যাব চালু করার আশ্বাস দেওয়া হয়েছিল। এ বার সেটির অনুমোদন মিলেছে। এই পরিষেবা চালু হলে জেলায় হার্টের চিকিৎসায় আমূল পরিবর্তন আসবে।'

  • Link to this news (এই সময়)