• অর্ডার না হওয়ায় বেতনবৃদ্ধি নিয়ে ধন্দে প্যারাটিচাররা
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্যারাটিচার বা পার্শ্বশিক্ষকদের পাঁচ হাজার টাকা ভাতাবৃদ্ধি করা হচ্ছে বলে সরকারি ঘোষণা হলেও এনিয়ে কোনো অর্ডার জারি করা হয়নি। আগস্টের বেতন থেকেই এই বাড়তি টাকা তাঁদের পাওয়ার কথা ছিল। তবে এখনও অর্ডার না হওয়ায় আশঙ্কায় রয়েছেন প্রায় ৪২ হাজার পার্শ্বশিক্ষক। তবে, তাঁদের বেতন সংক্রান্ত হিসাবের ফাইল আগেই ট্রেজারিতে চলে গিয়েছে। ফলে, আদৌ এ মাস থেকে তাঁরা বর্ধিত বেতন পাবেন কি না, সেই ধন্ধে রয়েছেন। কলকাতার একজন পার্শ্বশিক্ষক বলেন, আমরা গতমাসের বেতন ১৩ তারিখে পেয়েছি। জানি না এবার কী হবে! অন্যদিকে, সোচ্চার হচ্ছেন এনএসকিউএফ প্রকল্পের বৃত্তিমূলক শিক্ষকরাও। মূলত এজেন্সি প্রথার অবসান ঘটিয়ে সরকারি শিক্ষক হিসাবে স্বীকৃতি পেতে চান তাঁরা। ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা, ভাতাবৃদ্ধি সহ নানা দাবিতে বৃহস্পতিবার রাজপথে মিছিলও করেছেন তাঁরা। সরকারের তরফে কোনো ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ তাঁরাও।
  • Link to this news (বর্তমান)