• বাসকর্মীদের বিক্ষোভে কালনা-বর্ধমান রুটে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে সাধারণ মানুষ
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • নেই নিরাপত্তা। কোনও কর্মী দুর্ঘটনার সম্মুখীন হলে মালিক কোনও দায়ও নেন না। সঙ্গে রয়েছে ই-রিকশাচালকদের দৌরাত্ম্য। এমনই নানা অভিযোগে রবিবার সকাল থেকে বাস পরিষেবা বন্ধ রাখলেন পূর্ব বর্ধমানের কালনা-বর্ধমান রুটের বিক্ষুব্ধ বাসকর্মীদের একাংশ। ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।

    কালনা-বর্ধমান বাসের রুটে প্রতিদিন অন্তত ৫০ থেকে ৬০টি বাস যাতায়াত করে। বহু মানুষ প্রতিদিন এই বাস ধরে যাতায়াত করেন। কিন্তু, বাসকর্মীদের ন্যূনতম নিরাপত্তা বা সুরক্ষা নেই বলে অভিযোগ কর্মীদের একাংশের। তাঁদের অভিযোগ, কোনও বাসকর্মী দুর্ঘটনায় পড়লে তাঁদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা হয় না। বাসের মালিকরা কোনও দায়িত্ব নিতে চান না।

    সঙ্গে রয়েছে ই-রিকশাচালকদের দৌরাত্ম। রাস্তায় প্রায়ই ই-রিকশাচালকদের সঙ্গে বাসকর্মীদের অশান্তি হয়। ই-রিকশার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাসের যাতায়াতকারীর সংখ্যা আগের তুলনায় কমে গিয়েছে। ফলে বাসকর্মীদের আয়ও আগের তুলনায় কমে গিয়েছে।

    এই পরিস্থিতিতে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে কর্মবিরতি। বাসকর্মীদের দাবি, ডাইভার ও খালাসি-সহ সমস্ত বাসকর্মীদের পুজোর বোনাস নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। অস্থায়ী কর্মীদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। রবিবার ARTO-র প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন বাসকর্মীরা। প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাঁদের এই দাবিগুলি জানিয়েছেন বাসকর্মীরা।

    এ বিষয়ে বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানকীরঞ্জন সিনহা জানিয়েছেন, শ্রমিকদের কী দাবি আছে সেটা বাস মালিকদের জানাতে হবে। অহেতুক বাস বন্ধ রাখা যাবে না। RTO-র আধিকারিকদের সঙ্গে বাস শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। সোমবার থেকে পুরো দমে বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)