দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ উঠল দুর্গাপুরে। শহরের ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধন প্রাথমিক স্কুল লাগোয়া এলাকায় মূর্তিটি ছিল। কংগ্রেসের অভিযোগ, ক্রেন দিয়ে মূর্তিটি তুলে স্কুলের পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে।
রবিবার সকালে দেখা যায়, নেহরুর মূর্তিটি পড়ে রয়েছে স্কুলের অদূরে একটি জঙ্গলে। এর পরেই প্রতিবাদে প্রথমে স্কুল চত্বরে ও পরে দুর্গাপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি জমা দেন কংগ্রেস কর্মীরা। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস নেতৃত্ব দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস কর্মীরা।
কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ। কয়েক দশক ধরে এই মূর্তি রয়েছে এখানে। পুলিশকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে ব্যবস্থা নিতে হবে। না হলে আন্দোলন হবে।’
যদিও দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, খোঁজ নিলে জানা যাবে, তৃণমূল ও কংগ্রেসের কোনও গোষ্ঠী নেহরুর মূর্তি ভেঙেছে। বিধায়ক বলেন, ‘কংগ্রেসে তৃণমূল থেকে যোগ দেওয়া একটা গোষ্ঠী এ সব করেছে। নেহরুর মূর্তি ভাঙার পিছনে বিজেপি নেই। আমরাও দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’