• খেজুর পাতায় ঢাকা মুখ, হাতে-মাথায় একাধিক ক্ষতচিহ্ন, রেললাইনের ধার থেকে উদ্ধার দেহ, রহস্য
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • রেললাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবারে সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার মাকড়দহ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গন্ডগ্রাম এবং চৌধুরীপাড়ার মাঝে রেললাইনের ধারে খেজুর পাতা দিয়ে চাপা দিয়ে রাখা ছিল দেহটি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি রেল লাইনের ধারে ফেলে রাখা হয়েছিল। কী ভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে রেললাইনের ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরা দেখেন, খেজুর পাতা এবং শুকনো কাঠ দিয়ে দেহটি আড়াল করা রয়েছে। এ ছাড়াও, মৃতদেহের হাত, মাথা-সহ দেহের একাধিক জায়গায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে বলেও দাবি স্থানীয়দের। মৃতদেহের একটি হাত ভাঙা রয়েছে বলেও জানা গিয়েছে।

    ঘটনা ঘিরে রহস্য তৈরি হয়েছে। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো, তা স্পষ্ট নয়। স্থানীয়দের অভিযোগ, রেললাইনের ধারে ওই এলাকায় রয়েছে নেশার ঠেক। দিনে এবং রাতে বিভিন্ন জায়গা থেকে ওই এলাকায় এসে নেশার আসর বসায় যুবকরা। সেই নেশার ঠেকেই কোনও অশান্তির জেরে এই ব্যক্তিকে খুন করা হয়ে থাকতে পারে অনুমান স্থানীয়দের।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল, কারা জড়িত তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)