খাস কলকাতায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি, অধরা অভিযুক্ত
আজ তক | ৩০ আগস্ট ২০২৬
খাস কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক বিবাদের জেরে গুলিবিদ্ধ এক ব্যক্তি। শনিবার মধ্যরাতে পাথুরিয়াঘাটা এলাকায় নিজের ভায়রা-ভাইয়ের হাতেই আক্রান্ত হলেন সন্তোষ চৌধুরী নামে ওই ব্যক্তি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এহেন কাণ্ড ঘটে থাকতে পারে। এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত ব্যক্তির নাম কার্তিক সোনকর। এই কার্তিক ও সন্তোষ পরস্পরের ভায়রা-ভাই।
পুলিশের দাবি, কার্তিক খুব কাছ থেকে সন্তোষকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর পেটে লাগে। ঘটনার পর থেকেই কার্তিক পলাতক। ওই আধিকারিক বলেন, “একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেফতার করার জন্য কয়েকটি টিমও গঠন করা হয়েছে। কী পরিস্থিতিতে গুলি চালানোর ঘটনা ঘটল, তা আমরা খতিয়ে দেখছি।”
আহত ব্যক্তির পরিবারের দাবি, নিজের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল কার্তিকের। সেই কারণে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও তাঁর মতবিরোধ তৈরি হয়েছিল। পরিবারের সন্দেহ, সেই বিবাদের জেরেই নিজের ভায়রা-ভাইয়ের উপর হামলা করেছে কার্তিক। তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।