৩ মাসের শিশুকে ‘মেয়াদোত্তীর্ণ’ ভ্যাকসিন, মৃত্যু! হুলস্থুল হরিণঘাটায়
প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৬
নদিয়ার হরিণঘাটা থানার নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাঁড়িপাড়া সাতবেড়িয়া এলাকায় তিন মাসের এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। পরিবারের অভিযোগ, স্বাস্থ্যকর্মীদের গাফিলতি এবং মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন প্রয়োগের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬ হাঁড়িপাড়া ঘোষপাড়া হেলথ সেন্টারে ঋষব দাস নামে ওই শিশুকে পোলিও-সহ একাধিক টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় ১৫ আগস্ট শিশুটিকে বনগাঁ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, সেখানকার চিকিৎসকরা শিশুটির শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা জানান। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর শিশুটিকে নীলরতন (এনআরএস) মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত ২৯ আগস্ট শিশুটির মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, টিকা দেওয়ার পর যে টিকাকরণ কার্ড বা নথিতে স্বাক্ষর ও সিল দেওয়া হয়, সেটিও তাদের দেওয়া হয়নি। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বুলু মিত্র এবং সহকারী আশা কর্মী শিখা ভৌমিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। ঘটনার পর টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অভিযুক্ত দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে নগরউখড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ খতিয়ে দেখা হোক। দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ঘটনাটি জানানো হয়েছে বাগদার বিধায়ক সোমা ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম কুমার সরকার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকেও। শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, স্বাস্থ্যকেন্দ্রে টিকা সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।