নেপাল থেকে ফিরতে শুরু করেছেন আটকে পড়া ভারতীয় পর্যটকেরা। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরলেন ৪১ জন পর্যটক। প্রত্যেকেই কৈলাস-মান সরোবর যাত্রায় গিয়েছিলেন। পরিজনদের দেখে বিমানবন্দরে আবেগতাড়িত হয়ে পড়েন অনেকেই।
জানা গিয়েছে, ‘জয় গিরনারী শিবদত্ত মন্দির ট্রাস্ট’ নামক একটি সংস্থার ব্যানারে মুম্বই, পুনে এবং কর্নাটক থেকে আসা এই পুণ্যার্থীরা যাত্রা করেছিলেন। তিব্বতের সাগা থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের হস্তক্ষেপে এবং দ্রুত কূটনৈতিক পদক্ষেপে তাঁদের উদ্ধার করে প্রথমে কাঠমান্ডুতে নিয়ে আসা হয় এবং সেখান থেকে মুম্বই পৌঁছনোর ব্যবস্থা করা হয়।
কর্নাটকের ৭ বছর বয়সি বর্ষা কারি থেকে পুনের ৬৫ বছর বয়সি হেমলতা বোর্সে, সবার কণ্ঠেই এক কথা— ‘এটি এক প্রাকৃতিক দুর্যোগ ছিল, তবে আমরা বিশ্বাস করি ভগবানই আমাদের রক্ষা করেছেন।’ পরে সুযোগ পেলে ফের নেপালে তীর্থযাত্রায় যেতে চান বলে জানান অনেকে।
পুনের রাজস্ব বিভাগে কর্মরত স্মিতা পাওয়ার তাঁর পরিবারের সঙ্গে এই যাত্রায় ছিলেন। বন্যাপ্লাবিত অঞ্চলে যাত্রার সময়ে তাঁর ও তাঁর এক আত্মীয়ের শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক ভাবে কমে যায়। স্মিতাদেবী হাইপোক্সিয়ায় আক্রান্ত হন এবং তাঁর শরীর নীলচে-কালো হয়ে যেতে শুরু করে। সময়মতো সীমান্তে না গিয়ে হাসপাতালে ভর্তি হতে হওয়ায় তাঁরা বন্যার সরাসরি কবলে পড়া থেকে বেঁচে যান।
মহারাষ্ট্র দুর্যোগ মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী, নেপালে আটকে পড়া মহারাষ্ট্রের চারশোরও বেশি নাগরিক সুরক্ষিত রয়েছেন। তাঁদের অনেকের সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়েছে। এছাড়া নাগপুর ও বিহার সীমান্ত দিয়ে আরও বহু পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। তবে এখনও বোরিভলি ও অন্ধেরির ৮ জন পর্যটক-সহ বেশ কয়েকটি দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
১. নেপাল থেকে কত জন ভারতীয় পর্যটক মুম্বই ফিরেছেন?
শনিবার সন্ধ্যায় নেপাল থেকে ৪১ জন ভারতীয় পর্যটক মুম্বই ফিরেছেন।
২. ওই পর্যটকেরা কোথায় গিয়েছিলেন?
তাঁরা কৈলাস-মানসরোবর তীর্থযাত্রায় গিয়েছিলেন।
৩. কী ভাবে ৪১ জন পর্যটককে উদ্ধার করা হয়?
তিব্বতের সাগা থেকে তাঁদের উদ্ধার করে প্রথমে কাঠমান্ডু নিয়ে আসা হয়। পরে সেখান থেকে মুম্বই ফেরার ব্যবস্থা করা হয়।
৪. নেপালে এখনও কত জন মহারাষ্ট্রের নাগরিক আটকে রয়েছেন?
মহারাষ্ট্র দুর্যোগ মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী, নেপালে আটকে থাকা ৪০০-র বেশি মহারাষ্ট্রের নাগরিক নিরাপদে রয়েছেন।
৫. এখনও কি কোনও পর্যটকের সঙ্গে যোগাযোগ করা যায়নি?
হ্যাঁ। বোরিভলি ও অন্ধেরির ৮ জন পর্যটক-সহ কয়েকটি দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।