ডাক্তারির প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে গত মাসে কার্যত দেশ জুড়ে আন্দোলন হয়েছিল। তার রেশ কাটতে না কাটেই এ বার চলতি বছরের নিট পিজি নিয়ে বিতর্ক শুরু হলো। পরীক্ষার মাঝে অন্তত ২০ বার কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল জয়পুরে। এই অভিযোগে রবিবার সীতাপুরা পরীক্ষাকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখালেন ডাক্তারি পড়ুয়ারা।
কম্পিউটার সিস্টেম বিকল হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা ছড়ায় পরীক্ষাকেন্দ্রে। বিষ্ণু শর্মা নামে এক পরীক্ষার্থী বলেন, ‘সিস্টেম বিকল হয়ে যাওয়ার সুযোগ নিয়ে অনেকে নিজেদের মধ্যে খোলাখুলি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছে।’ পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভকারীদের দাবি, গোটা দেশেই পরীক্ষা বাতিল করতে হবে। আবার নতুন করে পরীক্ষা নিতে হবে।
এই ঘটনা নিয়ে পরে বিবৃতি দিয়েছে ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস। এনবিইএমএস জানায়, জয়পুরের সীতাপুরা সেন্টারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই কম্পিউটার সিস্টেমে গোলযোগ দেখা দেয়। পরীক্ষা পরিচালনার দায়িত্বে যে সংস্থা ছিল, তাদের যান্ত্রিক ত্রুটির কারণেই বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
অভিযোগ, অন্তত ২,৪৪৫ জন পড়ুয়া সময়ে পরীক্ষা শেষ করতে পারেননি। এনবিইএমএস জানিয়েছে, তাঁদের জন্য আগামী ৫ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৩টেয় জয়পুরেই পুনরায় পরীক্ষা আয়োজন করা হবে। প্রসঙ্গত, এ বছর দেশ জুড়ে মোট ১,১১১টি কেন্দ্রে ২,৭৩,০৯৬ জন পরীক্ষার্থীর নিট-পিজি দেওয়ার কথা ছিল। তার মধ্যে ২,৬৫,৯৮০ জন শিক্ষার্থী পরীক্ষা গিয়েছে।