• উজ়বেকিস্তানর সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, ৩৬তম আন্তর্জাতিক পুরস্কার উৎসর্গ ভারতবাসীকে
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • ফের আন্তর্জাতিক পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার তাঁকে দেওয়া হলো উজ়বেকিস্তানের সর্বোচ্চ সম্মান। রবিবার, ভারতের প্রধানমন্ত্রীর হাতে ‘ওলিয় দারাজালি দোস্তলিক’ (‘Oliy Darajali Do’stlik’ Order) সম্মান তুলে দেন উজ়বেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জ়িয়োয়েভ (Shavkat Mirziyoyev)। মোদীর পাওয়া ৩৬তম আন্তর্জাতিক পুরস্কার এটি। উজ়বেকিস্তানের সর্বোচ্চ সম্মান গ্রহণ করে তা দেশের ১৪০ কোটি বাসিন্দাকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উজ়বেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    দেশবাসীকে সম্মান উৎসর্গ

    দু'দিনের সফরে উজ়বেকিস্তান গিয়েছেন প্রধানমন্ত্রী। দু'দেশের মধ্যে বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা-সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাই তাঁর এই সফরের অন্যতম উদ্দেশ্য।

    আর, এই সফরেই তাঁর হাতে তুলে দেওয়া হয় সেই দেশের সর্বোচ্চ সম্মান। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দু’দেশের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে তাঁকে। এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। এই সম্মানকে দুই সভ্যতার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক বলে উল্লেখ করেছেন তিনি।

    বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখার বার্তা

    উজ়বেকিস্তানের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হওয়া তাঁর জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গেই ‘দোস্তলিক’ কথারও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের মানুষ দোস্ত শব্দটির সঙ্গে অত্যন্ত পরিচিত । দোস্তলিক শব্দের অর্থ বন্ধুত্ব। আর, এই পুরস্কার এবং সম্মান আমার জন্য আরও বড় দায়িত্বও তৈরি করল।’

    দ্বিপাক্ষিক বৈঠক

    রবিবার উজ়বেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীর নেতৃত্বে ভারতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন মির্জ়িয়োয়েভ। অর্থনৈতিক বৃদ্ধি, মহাকাশ গবেষণা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। দু’দেশের সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে উজ়বেকিস্তানের প্রেসিডেন্টের নেতৃত্ব ও ভারতের প্রতি তাঁর বন্ধুত্বপূর্ণ মনোভাবেরও প্রশংসা করেন মোদী।

    এই বৈঠকের পর ভারত ও উজ়বেকিস্তানের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গিয়েছে।

    ইউরেনিয়াম সরবরাহ

    ভারত এবং উজ়বেকিস্তান ইউরেনিয়াম সরবরাহের জন্য একটি দীর্ঘমেয়াদি ব্যবস্থা গড়ে তুলবে বলেও জানিয়েছন প্রধানমন্ত্রী। তা ভারতের পারমাণবিক বিদ্যুৎ পরিকল্পনাকে আরও এগিয়ে নিয়ে সাহায্য করবে বলেও জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)