চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা রাজীব ঘোষাল। রবিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়। আদালতে পাঠানোর সময় বেলিয়াতোড় থানা এলাকায় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।
বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত ছিলেন রাজীব। এক সময়ে তৃণমূলের যুবা সংগঠন তৈরি হলে রাজীব বাঁকুড়া জেলার সভাপতির দায়িত্ব পান। শোনা যায়, সেই সূত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন রাজীব। মাস কয়েক আগে বেলিয়াতোড় থানায় এক স্থানীয় বাসিন্দা এলাকার তৃণমূল নেতা পল্লব পাণ্ডের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে চার লক্ষাধিক টাকা নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ওই ব্যক্তি জানান, তৃণমূল আমলে তাঁকে বড়জোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে ৪ লক্ষ ২০ হাজার টাকা নেন ওই তৃণমূল নেতা। প্রতিশ্রুতি মোতাবেক চাকরি তো মেলেইনি। উল্টে বারেবারে সেই টাকা ফেরত চেয়েও তা পাওয়া যায়নি। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে বেলিয়াতোড় থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় পল্লবকে। তাঁকে জেরা করেই রাজীবের নাম পায় পুলিশ। এর পরেই গতকাল রাতে কলকাতা থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়।