রাতের অন্ধকারে কো-অপারেটিভ পরিচালিত বাজারের পাঁচটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর-ফুলিয়ার কো-অপারেটিভ বাজারে। ডিমের দোকান, মুদিখানা-সহ মোট পাঁচটি দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ। দোকানদারদের অভিযোগ, বাজারে ঠিকমতো নজরদারির ব্যবস্থা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এক দোকানদার দীপঙ্কর পাল জানিয়েছেন, শনিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। পরের দিন, রবিবার সকালে দোকানে এসে দেখেন, দোকানের তালা ভাঙা। ভেতর থেকে বেশ কিছু নগদ টাকা, বিড়ি, সিগারেট, ডিমভর্তি ট্রে উধাও। এমনকী পেঁয়াজ, আলুভর্তি গামলাও উল্টে পড়ে রয়েছে। লন্ডভন্ড অবস্থা দোকানের। পরে জানা যায়, শুধু তার দোকানেই নয়। বাজারের মধ্যে আরও একাধিক মুদিখানা, চিড়ে-মুড়ির দোকানেও চুরি হয়েছে।
দোকানদারদের অভিযোগ, এই বাজারে নিরাপত্তার অভাব রয়েছে। বাজারের মধ্যে সিসিটিভিগুলি অধিকাংশই খারাপ। এমনকী, রাতে নিরাপত্তারক্ষীরাও ঠিকমতো পাহারা দেয় না বলেও অভিযোগ তাঁদের। বাজারে এই মুহূর্তে কোনও কমিটি নেই। নির্বাচন না হওয়ায় কমিটি ভেঙে গিয়েছে। ফলে, সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় ব্যবসায়ীরা।
এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি চাইছেন। আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে প্রশাসনের কাছে তার ব্যবস্থা করার দাবিও করেছেন তাঁরা। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।