• চালক-কন্ডাক্টরকে মারধরের অভিযোগ, বাস পরিষেবা বন্ধ মালদার গুরুত্বপূর্ণ রুটে
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে মালদায় আন্দোলনে পরিবহণ কর্মীরা। রবিবার সকাল থেকে মালদা-নালাগোলা রুটে বাস পরিষেবা বন্ধ রাখা হয়। সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

    এই রুটের বেসরকারি বাসের চালক, খালাসি ও কন্ডাক্টররা মিলে এ দিন বাস পরিষেবা বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারী পরিবহণ কর্মীদের অভিযোগ, প্রতিদিনের মতো তাঁরা এ দিন মালদা-নালাগোলা রুটে বাস চালাচ্ছিলেন। ওই সময়ে পুরোনো মালদার কাদিরপুর এলাকায় কিছু মানুষ যানবাহন দাঁড় করিয়ে চাঁদা তুলছিলেন। তাঁরাও ২০ টাকা চাঁদা দেন। কিন্তু চাঁদা তোলার কারণে রাস্তায় যানজট তৈরি হয়। বাস দাঁড়িয়ে থাকে। তাই তাঁরা মোবাইলে যানজটের ছবি তুলছিলেন। কারণ বাস সময়মতো নিয়ে যেতে না পারলে দেরি হওয়ার প্রমাণ স্বরূপ ইউনিয়ন অফিসে তাঁরা এই যানজটের ছবি দেখাতেন।

    কিন্তু চাঁদা আদায়কারীরা কিছু না বুঝে ছবি তোলার কারণে চালক, কন্ডাক্টরদের উপরে চড়াও হন বলে অভিযোগ। বাসচালক, খালাসি এবং কন্ডাক্টরকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদেই রবিবার সকাল থেকে মালদা-নালাগোলা রুটে বেসরকারি বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। মারধরে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

    বাসের এক কন্ডাক্টর মিঠুন দাস বলেন, ‘ আমরা বাস চালানো বন্ধ রেখেছি। যতক্ষণ না দোষীদের বিরুদ্ধে পুলিশ সঠিক ব্যবস্থা নেবে, ততদিন পরিষেবা বন্ধ থাকবে। আমরা মার খেয়ে এ ভাবে গাড়ি চালাতে পারব না।’ স্থানীয় প্রশাসনের তরফে বাস মালিক, চালকদের সঙ্গে আলোচনা করে পরিষেবা শুরু করার ব্যবস্থা করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)