বাধ্য হয়ে বাড়াতে হচ্ছে শো, ‘টক্সিক’ও রুখতে পারল না জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’কে!
আজকাল | ৩০ আগস্ট ২০২৬
বক্স অফিসের যাবতীয় সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে মুক্তির তৃতীয় সপ্তাহেও কলকাতার লাইমলাইট কেড়ে নিয়েছে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। একপাশে যখন বড় বাজেটের হেভিওয়েট হিন্দি ছবি মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপানোর কথা, ঠিক সেই মুহূর্তে তাদের সমস্ত পরিকল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে এই বাংলা ছবি। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন—সব জায়গাতেই ছবিটির সামনে হিন্দি সিনেমার গ্ল্যামার ম্লান হয়ে গেছে। উল্টে দর্শকদের উন্মাদনা ও টিকিটের লাগাতার চাহিদার কথা মাথায় রেখে হল মালিকরা বাধ্য হয়েছেন শোয়ের সংখ্যা আরও বাড়িয়ে দিতে!
পথিকৃৎ বসুর টানটান পরিচালনা এবং ‘নন্দী মুভিজ’ ও ‘জিৎজ ফিল্মওয়ার্কস’-এর জমকালো প্রযোজনায় তৈরি এই ছবি প্রমাণ করে দিয়েছে যে, দর্শকের ভালবাসা কেনার আসল মন্ত্র হল ‘কনটেন্ট’ অর্থাৎ গল্প । ছবির টানটান চিত্রনাট্য, রক্ত গরম করা অ্যাকশন সিকোয়েন্স এবং জিতের দুরন্ত অভিনয় অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে ছবিটিকে। সমালোচকদের প্রশংসার পাশাপাশি দর্শকের 'মাউথ পাবলিসিটি'র দৌলতে প্রেক্ষাগৃহগুলোতে ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড।
টলিপাড়ার চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই সাফল্য শুধু একটি ছবির নয়—এটি বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানোর একটি প্রামাণ্য দলিল। সমস্ত বাধা পেরিয়ে জিৎ যেভাবে নিজের শক্তিতে বক্স অফিস দখল করে রেখেছেন, তা আগামী দিনে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এক নতুন পথচলার সূচনা করল।