• মেঘালয়ে নাকা চেকিং চলার সময়ে পুলিশের গুলি, নিহত চার সশস্ত্র ব্যক্তি
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • নাকা চেকিং চলার সময়ে পুলিশের গুলি। তাতেই মৃত্যু হয়েছে চার জনের। নিহতরা সকলেই সশস্ত্র ছিল বলে দাবি পুলিশের। রবিবার, এই ঘটনা ঘটেছে মেঘালয়ের পূর্ব গারো জেলায়। সেখানকার সংসাক এলাকায় গুলিতে নিহত চার জনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব গারো জেলার পুলিশ সুপার স্বপ্নিল পাওয়ার।

    মেঘালয়ের রাস্তায় নাকা চেকিং

    দিন কয়েক আগেই হত্যা করা হয় অসমের গোয়ালপাড়া জেলার ডামরা বাজারে এক ব্যবসায়ীকে। সেই সঙ্গে অসম-মেঘালয় সীমান্তে বাড়ছে অপরাধমূলক কাজ। পুলিশের সন্দেহ, এর সঙ্গে জড়িয়ে আছে আন্তঃরাজ্য অপরাধী চক্র (interstate criminal gang)। ওই অপরাধীদের জন্যই রাজ্যের সীমানায় নজরদারি বৃদ্ধি করেছে পুলিশ। মেঘালয়ের রাস্তায় চলছে নাকা-চেকিং-ও। শনিবার রাত থেকেই এই রকমের নাকা-চেকিং চলছিল মেঘালয়ের পূর্ব গারো জেলার সংসাক (Songsak) এলাকাতেও।

    পুলিশকে লক্ষ্য করে গুলি

    পুলিশের দাবি, ওই এলাকায় সন্দেহভাজন আন্তঃরাজ্য অপরাধী চক্রের সদস্য আছে বলে খবর পেয়েই তল্লাশি চালানো হয়। রবিবার ভোর রাতে ওই তল্লাশির সময়েই কয়েক জন সশস্ত্র দুষ্কৃতীকে দেখা যায়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ওই তল্লাশি চলার সময়েই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেয় পুলিশও।

    আহত হয়ে মৃত্যু

    পুলিশের গুলিতে আহত হয় সশস্ত্র দুষ্কৃতীরা। পরে মৃত্যু হয় তাদের। পূর্ব খাসি গারো ( East Garo Hills) জেলার পুলিশ সুপার জানিয়েছেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে আগে কোন কোন অপরাধের সঙ্গে তারা যুক্ত ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

    প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আন্তঃরাজ্য একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল ওই দুষ্কৃতীরা। গোয়ালপাড়া এলাকায় ব্যবসায়ী খুনের সঙ্গেও তাদের যোগ থাকতে পারে বলেও সন্দেহ করছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)