প্রেমিকাকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সফট ড্রিঙ্কস-এ বিষ মিশিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। মুম্বইয়ের এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আশিস মগর নামে অভিযুক্তকে।
চরিত্র নিয়ে সন্দেহ
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিষ্ণুমায়া (১৯)। মুম্বইয়ের চেম্বুর (Chembur) এলাকায় এক আত্মীয়র সঙ্গে থাকতেন বিষ্ণুমায়া। তাঁদের সঙ্গে থাকতেন আশিসও। বিষ্ণুমায়া প্রায় দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ২৫ অগস্ট বিষ্ণুমায়াকে অন্য এক বন্ধুর সঙ্গে বসে থাকতে দেখেন তাঁর প্রেমিক আশিস মগর (Ashish Magar)। এর পরেই প্রেমিকার চরিত্র নিয়ে সন্দেহ করেন ওই যুবক। প্রেমিকা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বলে সন্দেহ করেন আশিস। এই নিয়ে তাঁদের মধ্যে বচসাও হয়।
কোল্ড ড্রিঙ্কস-এ বিষ
তদন্তকারীরা জানিয়েছেন, দু’জনের মধ্যে বিবাদ কিছুটা মেটার পরে বিষ্ণুমায়াকে কোল্ড ড্রিঙ্কস দেন আশিস। তার আগে তাতে বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে দেন ওই যুবক বলে অভিযোগ। তবে, ওই তরুণী কোনও কিছু সন্দেহ না করেই তাতে চুমুক দেন। এর পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই বমি করতে শুরু করলেও পরিবারে লোকজনও প্রথমে সেটাকে গুরুত্ব দেননি। সাময়িক কোনও শারীরিক সমস্যার কারণে তা হয়েছে বলে মনে করেন তাঁরা। এর পরেই সেখানে লুটিয়ে পড়েন বিষ্ণুমায়া। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। পরে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার প্রেমিক
পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এই নিয়ে তদন্ত শুরু হয়। এই নিয়ে বিষ্ণুমায়ার আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তখনও তাঁরা আশিসের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের কথা জানাতে পারেন। সেই সঙ্গে আধিকারিকরা জানতে পারেন,শরীর খারাপ হওয়ার আগে আশিসের হাত থেকে সফট ড্রিঙ্কস নেওয়ার কথা। এক বন্ধুর সঙ্গে বসে থাকায় তাঁর চরিত্র নিয়ে সন্দেহ করে বচসার কথাও জানতে পারেন তদন্তকারীরা। এর পরেই খুনের মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয় আশিসকে। আদালত ওই যুবককে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।