খেলার মাঝে পিষে দিল পিচ রোলার! গুরুগ্রাম ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক মৃত্যু খুদে ক্রিকেটারের
প্রতিদিন | ৩১ আগস্ট ২০২৬
গুরুগ্রামের একটি ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক দুর্ঘটনা। খেলার মাঝেই পিচ রোলারে পিষে গেল এক খুদে ক্রিকেটার। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্রিকেট অ্যাকাডেমিতে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আকাশ কুমার। বয়স ৮ বছর। সে বিহারের নালন্দার বাসিন্দা ছিল। দিন কয়েক আগে আকাশ তার ভাই নীল এবং আরও কয়েকজন বন্ধুর সঙ্গে অ্যাকাডেমিতে খেলছিল। সেই সময় মাঠে রাখা একটি পিচ রোলার আচমকা আকাশের দিকে গড়িয়ে আসে। রোলারটি এত দ্রুত গড়িয়ে আসে যে আকাশ সেখান থেকে পালানোর সুযোগ পায়নি। রেলারের নিচেই পিষ্ট হয়ে যায় সে। তা দেখে ভয়ে চিৎকার শুরু করে বাকিরা। সেখান থেকে ছুটে পালায় তারা। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আকাশের পরিবারের সদস্যরা। উপস্থিত হন অ্যাকাডেমির সদস্যরাও। শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটল? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রোলারটি তদারকি করার জন্য মাঠে কোনও কর্মী ছিলেন না। এই অবস্থায় অপর এক খুদে ক্রিকেটারের হাত ভুলবশত রোলারটিতে লাগে এবং চালু হয়ে যায়। তারপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।