• সন্তান পড়ছে, না দুষ্টুমি করছে? বাড়ি থেকে মোবাইলে দেখতে পারবেন মা-বাবা, অভিনব উদ্যোগ শ্যামপুরের স্কুলে
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • সন্তান স্কুলে গিয়ে পড়াশোনা করছে? নাকি দুষ্টুমি? শরীর খারাপ করেনি তো? অফিসে বসে কিংবা বাড়িতে কাজের ফাঁকে নিজের মোবাইলেই দেখে নিতে পারবেন অভিভাবক। হাওড়ার শ্যামপুর উত্তর চক্রের রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো এমনই অভিনব পরিষেবা। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা স্কুল। তার অ্যাক্সেস দেওয়া হয়েছে অভিভাবকদের। হাইস্পিড ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে সন্তানকে ‘লাইভ’ দেখে নিচ্ছেন তাঁরা।

    ২০২৫-এর ২৮ ফেব্রুয়ারি শ্যামপুরের এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন সৌরদীপ জানা। তার পরেই অভিভাবকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন তিনি। তাঁরা কী চান, কী করলে স্কুলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়, সেই নিয়ে আলোচনা করেন। সেই সময়ে তাঁর মনে হয়েছিল, সন্তানকে স্কুলে পাঠানোর পরেও মা-বাবারা উদ্বেগে থাকেন। ছেলেমেয়েকে নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে। কী করা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সৌরদীপ ভাবেন, ছেলেমেয়ে কী করছে, সেটা যদি মা-বাবা সরাসরি দেখতে পান, তা হলেই আর কোনও চিন্তা থাকবে না।

    এর পরেই শুরু হয় কাজ। বিদ্যালয়ে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। তবে শুধু নজরদারির ব্যবস্থা করেই থেমে থাকেননি কর্তৃপক্ষ। বাড়িতে বসেই যাতে অভিভাবকেরা স্কুলে তাঁদের সন্তানের গতিবিধি দেখতে পারেন, তার জন্য দেওয়া হয় হাইস্পিড ব্রডব্যান্ড কানেকশন। সৌরদীপের কথায়, ‘যে কোনও জায়গা থেকে অভিভাবকরা দেখতে পাবেন, তাঁদের সন্তান বিদ্যালয়ে কী করছে।’ প্রধান শিক্ষকের মতে, ‘এতে এক দিকে যেমন পঠনপাঠনে স্বচ্ছতা আসবে, তেমনই অন্য দিকে, শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে সুস্থ পরিবেশ তৈরি হবে।’

    পড়াশোনার পাশাপাশি খুদে পড়ুয়াদের জন্য সুস্থ পরিবেশ তৈরির দিকেও নজর দিয়েছে বিদ্যালয়। রাখি বন্ধনকে সামনে রেখে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে স্মার্ট ক্লাসরুম। নবরূপে সজ্জিত সেই ক্লাসরুমের উদ্বোধন করেছেন অবর বিদ্যালয় পরিদর্শক টুম্পা দত্তপাল। সেই ক্লাসরুমে ঢুকলে থ হয়ে যেতে হয়। দেওয়ালে গোটা সৌরজগত, রামধনু, পাখি প্রজাপতি উড়ছে। এসি, পাখা, পড়ুয়াদের পড়াশোনার জন্য স্মার্ট টিভি, সব মজুত।

    রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৫ জন পড়ুয়া। তাদের বেড়ে ওঠায়, পড়াশোনায় কোনও খামতি রাখতে চাইছেন না স্কুল কর্তৃপক্ষ। ছোটদের স্কুলমুখী করে তুলতেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। প্রাথমিক পড়ুয়াদের কাছে বিদ্যালয়কে আরও আকর্ষণীয় করে তোলাই একমাত্র লক্ষ্য প্রধান শিক্ষকের।

    ১. কোন স্কুলে এই অভিনব পরিষেবা চালু হয়েছে?

    হাওড়ার শ্যামপুর উত্তর চক্রের রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে এই পরিষেবা চালু হয়েছে।

    ২. অভিভাবকেরা কী দেখতে পারবেন?

    সিসিটিভির মাধ্যমে স্কুলে তাঁদের সন্তান কী করছে, তা মোবাইলে দেখতে পারবেন অভিভাবকেরা।

    ৩. কীভাবে স্কুলের সিসিটিভি দেখবেন অভিভাবকেরা?

    বিদ্যালয়ে থাকা হাইস্পিড ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে সিসিটিভির অ্যাক্সেস পাবেন তাঁরা।

    ৪. কেন এই ব্যবস্থা চালু করা হয়েছে?

    স্কুলে সন্তানদের পাঠানোর পর অভিভাবকদের উদ্বেগ কমানো এবং পঠনপাঠনে আরও স্বচ্ছতা আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    ৫. স্মার্ট ক্লাসরুম নিয়ে কী উদ্যোগ নেওয়া হয়েছে?

    পড়াশোনার পাশাপাশি শিশুদের জন্য আনন্দময় পরিবেশ তৈরি করতে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে স্মার্ট ক্লাসরুমটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।

  • Link to this news (এই সময়)