যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে বিভিন্ন ‘দেশবিরোধী’ স্লোগান লেখা ছিল বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরে সেই সব মোছা শুরু হয়েছে। কলাবিভাগের দেওয়ালে চলছে চুনকাম। সামনে এসেছে তার ভিডিয়ো। সেই নিয়ে রবিবার ঘাটালে সাংগঠনিক জেলা বিজেপির প্রশিক্ষণ শিবির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষে সুরে শুভেন্দু বললেন, ‘সবে মোছা শুরু হয়েছে। এর পরে অনেক কিছু হবে।’
এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের সদস্যের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার আঁচ এসে পড়ে রাজ্য রাজনীতিতেও। শুভেন্দু প্রশ্ন তুলেছিলেন, ‘কিষেণজি রেড স্যালুট কেন লেখা থাকবে? কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান কেন দেবেন?’ শুধু প্রশ্ন তুলেই থেমে থাকেননি শুভেন্দু। রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘ড্রোন ওড়াব, গাঁজা, হেরোইন কে কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় কোথায় বসে পাতা পুড়িয়ে টানছেন, আমি বের করব। আমি পুলিশমন্ত্রী। আমি জঞ্জাল সাফাই করতে জানি।’
তার পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলাভবনের দেওয়ালে শুরু হয় চুনকাম। এ দিনের সাংবাদিক সম্মেলনে সেই নিয়ে প্রশ্ন করতেই শুভেন্দু বলে দেন, ‘বিলম্বিত বোধোদয়। মোছা অনেক আগেই উচিত ছিল।’ এই ধরনের স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে অনেকেই অভিযোগ করছিলেন বলেও জানিয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, ‘অনেকেই বলেছিলেন। আমিও যাদবপুরের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রারকে বলেছি। অভিযোগ যা এসেছিল তা যে সত্যি, প্রমাণ হয়ে গিয়েছে।’
ক্যাম্পাসের দেওয়ালে লেখা স্লোগানগুলি যে মোটেও দেশের স্বার্থে নয়, তা জোর গলায় বলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, ‘কীসের রেড স্যালুট? প্যালেস্তাইন কী?’ জ্ঞানেশ্বরী কাণ্ডের প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। বলে দেন, ‘কত নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে।’ এর পরেই স্পষ্ট ভাষায় তাঁর বার্তা, ‘এসব চলতে পারে না। মোছা শুরু হয়েছে। এর পরে অনেক কিছু হবে।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মিড ডে মিল থেকে শুরু করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর নিয়েও মুখ খোলেন শুভেন্দু। জেলার স্কুলগুলিতে গত ৩-৪ মাস মিড ডে মিলের টাকা পাঠানো হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। এই তথ্য ঠিক নয় জানিয়ে শুভেন্দু বলেন, ‘পোর্টালে সমস্যা ছিল। ঠিক হয়ে গিয়েছে। চার দিন আগেই সব টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।’ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের হওয়া নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, ‘আইন সকলের জন্য সমান। আইন ভাঙলে ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা হবে।’