• যোগী-রাজ্যে শরিকদের ৮৩ আসন ছাড়তে চায় বিজেপি
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

    বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বাধীন জাতীয় কমিটি গঠনের পরেই আগামী বছরে নির্ধারিত সাতটি রাজ্যের বিধানসভা ভোটের জন্য কোমর বেঁধে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির৷ সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৪০৩টি আসন বিশিষ্ট উত্তরপ্রদেশকে৷

    গত এক দশক ধরে ক্ষমতায় থাকা গো–বলয়ের সব থেকে বড় ও প্রভাবশালী রাজ্য উত্তরপ্রদেশে যোগী সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া উঠতে পারে, এমনটাই আশঙ্কা বিজেপির শীর্ষ নেতাদের একাংশের। সেটা মাথায় রেখেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি করছে বিজেপি৷

    জাতীয় কমিটির বৈঠকে প্রাথমিক ভাবে স্থির হয়েছে, উত্তরপ্রদেশে ৩২০টি আসনে লড়বে বিজেপি, শরিকদের দেওয়া হবে ৮৩টি আসন৷ দলীয় সূত্রের দাবি, এনডিএ শরিক দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কয়েক দফা আলোচনার পরে এই ফর্মুলা তৈরি হয়েছে, তবে এটাকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচনা করছেন না দলীয় নেতৃত্ব। উত্তরপ্রদেশের ‘গ্রাউন্ড রিয়্যালিটি’ পর্যালোচনা করার পরেই এই মর্মে নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

    গত সপ্তাহে উত্তরপ্রদেশের পরিস্থিতি পর্যালোচনার জন্য দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিশ্লেষণী বৈঠকে বসেছিলেন বিজেপি নেতৃত্বের একাংশ৷ সেখানে বিরোধী দলগুলির সম্ভাব্য রণকৌশল নিয়ে একপ্রস্ত আলোচনা হয়৷ বিজেপির শীর্ষ স্তরের নেতাদের একাংশ মনে করছেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ক্ষমতা দখলের লক্ষ্যে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়তে পারে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি (সপা)৷

    সপা এবং কংগ্রেসের সম্ভাব্য জোটকে রোখার পাশাপাশি যোগী–রাজ্যে ক্ষমতা দখল নিশ্চিত করার লক্ষ্যে বিজেপি ৮৩টি আসন এনডিএ শরিকদের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে৷ ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ‘আপনা দল (এস)’ এবং ‘নিষাদ পার্টি’র সঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নির্বাচনের পরে ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি' (এসবিএসপি) এবং ‘রাষ্ট্রীয় লোক দল’ (আরএলডি) এনডিএ-তে যোগ দেয়৷ বর্তমানে জোটে চারটি শরিক দল রয়েছে। আসন ভাগাভাগি নিয়ে কোনো অসন্তোষ সৃষ্টি হোক কিংবা শরিক দলগুলো দূরে সরে যাক—বিজেপি নেতৃত্ব এমনটা চান না। এই কারণেই হাতে সময় থাকতে তৈরি করা হয়েছে প্রাথমিক আসন রফা ফর্মুলা৷

  • Link to this news (এই সময়)