• শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • Big Breaking: শিয়ালদহ স্টেশনের বাইরে অগ্নিকাণ্ড। সোমবার সাতসকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। প্রাথমিক সূত্রে খবর, স্টেশন চত্বরের বাইরে থাকা ফুড কোর্টে আগুন লেগেছে। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা স্টেশন চত্বর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। পৌঁছন রেল পুলিশের আধিকারিকেরাও। ফুড কোর্টের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে দমকল।

    সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে হুলস্থূল শিয়ালদহ চত্বরে। জানা গিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখার গেটের পাশে থাকা এই ফুড কোর্টে এ দিন সকালে সাড়ে ন’টা নাগাদ আচমকা ধোঁয়া বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল সময়মতো পৌঁছে দ্রুত আগুনের উৎস খোঁজার চেষ্টা করে। পাশাপাশি, কালো ধোঁয়া বার করতে ফুড কোর্টের কাচ ভাঙেন দমকল কর্মীরা। ওই ফুড কোর্টে একাধিক সংস্থার দোকান রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, ফুড কোর্টের রান্নাঘর থেকে লেগেছে আগুন। শর্টসার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে আসলেও এখনও ধোঁয়া রয়েছে ফুড কোর্টে।

    অভিযোগ, আগুনে নেভাতে গিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়ে দমকল। আধিকারিকদের অভিযোগ, ফুড কোর্টের অগ্নিনির্বাপন ব্যবস্থা কাজ করেনি। পাশাপাশি, শিয়ালদহ স্টেশন থেকেও মেলেনি জল। শেষ পর্যন্ত দমকলের ইঞ্জিনে করে আনা জলেই কাজ সারেন তাঁরা।

  • Link to this news (এই সময়)