• বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • বঙ্গোপসাগরে ফের ঘনিয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলের উপরে নিম্নচাপ তৈরি হয়েছিল। রবিবার সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    কলকাতায় আজ সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও শহরের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকতে পারে।

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। এ ছাড়াও, উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • Link to this news (এই সময়)