• প্রতি সপ্তাহে দু’দিন করে অফিসাররা ‘জনতার দরবার’-এ, নির্দেশিকা নবান্নের
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • সুগত বন্দ্যোপাধ্যায়

    অভাব–অভিযোগের কথা মানুষের থেকে সরাসরি জানতে ক্ষমতায় এসেই 'আপনার সরকার আপনার পাশে' প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজে নিয়মিত 'জনতার দরবার'–এ বসছেন প্রতি সপ্তাহে। সরাসরি কথা বলছেন মানুষের সঙ্গে। চালু হয়ে গিয়েছে সরকারের কাছে অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থাও। সেই প্রকল্পকেই আরও বেশি করে রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে উদ্যোগী হলো নবান্ন। এ বার থেকে সপ্তাহে দু'দিন করে বাধ্যতামূলক ভাবে ফিল্ড লেভেল অফিসারদের সরাসরি মানুষের সঙ্গে কথা বলতে হবে। প্রতি সপ্তাহের মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই 'জনতার দরবার' চলবে সংশ্লিষ্ট অফিসারদের দপ্তরে। যত দ্রুত সম্ভব 'জনতার দরবার' চালু করার নির্দেশদেওয়া হয়েছে।

    মুখ্যসচিব মনোজ আগরওয়াল একটি নির্দেশিকায় জানিয়ে দিয়েছেন, এই নির্দিষ্ট সময়ে সরকারি আধিকারিকরা অন্য বৈঠক রাখতে পারবেন না, কোথাও পরিদর্শনে যেতে পারবেন না বা অন্য কোনও ধরনের কর্মসূচিই রাখতে পারবেন না। তাঁদের অফিসে উপস্থিত থাকতেই হবে। এই দরবারে আসতে কোনও অ্যাপয়েন্টমেন্টও নিতে হবে না কাউকে।

    'জনতার দরবার'–এ পাওয়া অভিযোগ এবং সমস্যার সমাধানে কী পদক্ষেপ করা হলো, তা সবিস্তার আপলোড করতে হবে রাজ্য সরকারের 'আপনার সরকার আপনার পাশে' পোর্টালে। এর ফলে বিভাগীয় কমিশনার বা উচ্চপদস্থ আধিকারিকরা তা দেখতে পারবেন এবং তা নিয়ে পর্যালোচনা করতে পারবেন। এ নিয়ে কোনও অজুহাত শোনা হবে না বলে নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের বক্তব্য, বহু নাগরিক, বিশেষ করে প্রবীণদের অনেকেই ডিজিটাল মাধ্যমে সড়গড় নন। ফলে, তাঁরা অনলাইনে তাঁদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন না। সে কারণেই সরাসরি অভিযোগ জানানোর এই বন্দোবস্ত।

    'জনতার দরবার'–এ প্রশাসন এবং পুলিশ — দু'পক্ষের অফিসারেরাই থাকবেন। বিডিও থেকে শুরু করে জেলাশাসক, ডিভিশনাল কমিশনারের মতো অফিসারদের পাশাপাশি পুলিশ কমিশনার বা সুপার, ডেপুটি কমিশনার, ডেপুটি সুপার–সহ সব পর্যায়ের আধিকারিকদের নিয়মিত এই দরবারে থাকতে হবে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে। ওই আধিকারিকদের অফিশিয়াল ই–মেল আইডি এবং মোবাইল নম্বর অফিসের এমন জায়গায় ডিসপ্লে করতে হবে, যাতে তা সকলের চোখে পড়ে। এ ছাড়া পুরসভা, খাদ্য, কৃষি, বন, অনগ্রসর শ্রেণিকল্যাণের মতো দপ্তরের ওয়েবসাইটেও রাখতে হবে সেই সব ই–মেল এবং মোবাইল নম্বর। 'জন দরবার'–এর কাজ কেমন এগোচ্ছে, তা ১৫ দিন অন্তর রিভিউ করা হবে জেলা প্রশাসনের তরফে।

  • Link to this news (এই সময়)