বাংলাদেশ সীমান্তে উদ্ধার ১৫.৬ কেজি সোনা, মূল্য কত জানেন?
আজ তক | ৩১ আগস্ট ২০২৬
সীমান্তে বড় ধরনের চোরা চালান হতে পারে, এই খবর ছিল। সেই মতো ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘক্ষণ নজরদারি চালিয়ে সফল হল বিএসএফ। এই সময় বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল তারা।
যতদূর খবর, নদিয়ার বানপুর সীমান্ত এলাকা থেকে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। বিএসএফের হিসেব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। এই ঘটনায় সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এক মহিলাকে আটক করা হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোনা পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর পায় তারা। এরপর নদিয়ার বানপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় ৩২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। তাতেই সাফল্য আসে।
সূত্রের খবর, বেশ কিছুক্ষণ ধরে এলাকায় নজরদারি চালাচ্ছিলেন জওয়ানরা। সেই সময় এক মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হয় তাঁদের। এরপর তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে।
বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। তাদের মতে, সাম্প্রতিক সময়ে বর্ডারে সোনা উদ্ধারের ক্ষেত্রে এটা অত্যন্ত বড় সাফল্য। একসঙ্গে এতটা পরিমাণ সোনা খুব কম ক্ষেত্রেই ধরা পড়েছে।
চলছে জিজ্ঞাসাবাদ
ইতিমধ্যেই উদ্ধার হওয়া সোনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করছেন বিএসএফ-এর আধিকারিকরা। কীভাবে এত বিপুল পরিমাণ সোনা সীমান্ত এলাকায় পৌঁছল এবং কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানার চেষ্টা চলছে।
এখানেই শেষ নয়, এই পাচারের সঙ্গে আরও কারা জড়িত, সোনার উৎস কোথায় এবং কোথায় তা পাঠানোর পরিকল্পনা ছিল, সেই সব বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই বিপুল সোনা উদ্ধারের সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় কোনও বড় পাচারচক্রের যোগ রয়েছে কি না।
তদন্তকারীরা মনে করছেন, উদ্ধার হওয়া সোনার পরিমাণ অনেকটাই বেশি। তাই সোনার বিষয়ে তলিয়ে দেখতে চাইছে বিএসএফ। তারা জানতে চাইছে, এটি বিচ্ছিন্ন কোনও পাচারের চেষ্টা? নাকি বড় কোনও চক্রের অংশ হিসেবে সোনা সীমান্ত পার করা হচ্ছিল? যদিও তার উত্তর এখনও মেলেনি।
এমন পরিস্থিতিতে সীমান্তে আরও নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে আটক হওয়া মহিলাকে কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।