• শিয়ালদা স্টেশন চত্বরে ফুডপ্লাজায় বড় আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা
    আজ তক | ৩১ আগস্ট ২০২৬
  • সোমবার  সকালে আচমকা আগুন লাগল শিয়ালদা স্টেশন চত্বরের ফুডপ্লাজায়। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ হঠাৎই ধোঁয়া বের হতে শুরু করে শিয়ালদার স্টেশন চত্বরে থাকা খাবারের দোকানগুলি থেকে। ব্যাপক পরিমাণে ধোঁয়া বেরোতেই চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দমকল। এই খবর লেখার সময় পর্যন্ত চলছে আগুন নেভানোর কাজ।

    শিয়ালদা RPF কন্ট্রোল রুমের তরফে এই আগুন লাগার খবর নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, শিয়ালদা সাউথ সেকশনের গেট থেকে বেরিয়েই যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। তার সংলগ্ন নতুন তৈরি করা খাবারের দোকানগুলিতে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত দমকল চলে আসায়, বড় ক্ষতি এড়ানো গিয়েছে। যদিও এখনও ধোঁয়ায় ঢেকে রয়েছে সংলগ্ন এলাকা।

    এক দমকল কর্মীর দাবি, আগুন নিয়ন্ত্রণ করার জন্য দমকলের আনা জল দিয়েই কাজ করা হচ্ছে। কিন্তু ফুডকোর্টের যে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকার কথা তা কাজ করেনি। কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

    প্রাথমিক ভাবে কোনও আগুনের শিখা দেখা না গেলেও, অনর্গল ধোঁয়া বের হওয়ায় স্থানীয় মানুষ ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা ফুডকোর্টের কাঁচের দেওয়াল ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করেন। ভাঙা কাঁচের মধ্যে দিয়েই ভেতরে যান কয়েকজন দমকল কর্মী। যদিও ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

    স্থানীয় সূত্রে খবর, দমকলের ৩টি ইঞ্জিন বর্তমানে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। যেহেতু ফুডকোর্টে পরপর খাবারের দোকান রয়েছে, সেই কারণে তার ভিতরে গ্যাস সিলিন্ডার বা অন্য দাহ্য বস্তু থাকা মোটেই অসম্ভব নয়, ফলে কিছুটা আশঙ্কায় রয়েছেন দমকল কর্মীরাও। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে চাইছেন তাঁরা। 

    যাত্রীরা যাতে আতঙ্কিত না হয়ে পড়েন, তার জন্য ওই ফুডকোর্ট চত্বর সংলগ্ন এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে, যাত্রীদের আগে থেকেই অন্য রাস্তা দিয়ে বার করা হচ্ছে। বেলা ১০টার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল।

     
  • Link to this news (আজ তক)