• CJP-র নেতারা সাধুপুরুষ নন, মন্তব্য সোনমের
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • এই সময়: অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার মতো ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)–এর প্রতিনিধিরা কেউই সাধুপুরুষ নন, তাঁদের প্রত্যেকেরই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে— সাম্প্রতিক একটি পডকাস্টে এমন মন্তব্য করতেই শোনা গেল সমাজকর্মী সোনম ওয়াংচুককে। তবে একই সঙ্গে সোনমের ব্যাখ্যা, এতে ভুল কিছু নেই, নবীন প্রজন্মের নেতারা যদি রাজনীতিতে আসেন, সেটা দেশের জন্যও ভালো।

    প্রশ্নফাঁসের ঘটনার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সিজেপি–র কর্মী–সমর্থকরা যখন যন্তর মন্তরে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেন, তখন তাতে সামিল হয়ে অনশন আন্দোলন চালিয়েছিলেন ৫৯ বছরের সোনম। সেই সূত্র ধরেই সোনমের মন্তব্য, ‘প্রতিবাদ আন্দোলনের দিনগুলোতে আমি ওঁদের খুব কাছ থেকে দেখেছি। ওঁরা কেউ ততটা সাধুপুরুষ নন যে কোনও কিছু পাওয়ার প্রত্যাশা না করেই এই ময়দানে নেমেছেন। ওঁরা আমাকে সরাসরি কিছু বলেননি, কিন্তু আমার মনে হয়, ওঁদের মধ্যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তাতে অবশ্য অন্যায় নেই।’

    সোনমের দাবি, বিক্ষোভ মঞ্চে থাকাকালীন তিনি বার বার সিজেপির তরুণ নেতাদের বলেছিলেন, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে, রাজনীতিতে তরুণ, উদীয়মান নেতাও দরকার, কিন্তু প্রতিবাদ মঞ্চের শুদ্ধতা বজায় রাখতে হবে। যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চকে নির্দল, নিরপেক্ষ একটা প্রেশার গ্রুপ হিসেবে রাখার অনুরোধ করেছিলেন সোনম, সিজেপি নেতারা যে সেটা মেনেছেন, তাতেই খুশি সোনম।

    তাৎপর্য পূর্ণ ভাবে, যন্তর মন্তরে সোনমের অনশন নিয়ে পুরো দেশ যখন চিন্তিত, তখন রিলের ‘ফুংশুক ওয়াংড়ু’র কথা স্মরণ করে সমাজকর্মীর পাশে দাঁড়িয়েছিলেন ‘থ্রি ইডিয়েটস’ ছবির অভিনেতা ওমি বৈদ্য। ‘ফুংশুকে’র চরিত্রটা বাস্তব জীবনের ওয়াংচুককে দেখে অনুপ্রাণিত বলেও উল্লেখ করেছিলেন ওমি। রিলের ‘ফুংশুক’ আমির খান কেন চুপ, তা নিয়েও উঠছিল প্রশ্ন।

    বিতর্কের মুখে আমিরের দাবি ছিল, ‘থ্রি ইডিয়েটস’ সিনেমায় ‘ফুংশুকে’র চরিত্র নাকি সোনমের দ্বারা অনুপ্রাণিত নয়! তিনি নাকি সোনমকে চেনেন–ই না! এর পরই একটি পুরোনো অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়। দেখা যায়, সোনম বক্তার পোডিয়ামে, তখন দর্শকাসনে বসে আমির! সেই প্রশ্নেও এ দিন মুখ খোলেন সোনম। বলেন, ‘পুরোনো ভিডিয়োয় দেখা গিয়েছে, আমির খান ‘গজনি’ সিনেমার শুটিং করতে করতে, ওই পোশাকেই আমার বক্তৃতা শুনতে এসেছিলেন। গজনি–র চরিত্রে ছিলেন তো, তাই হয়তো ওঁর শর্ট–টার্ম মেমোরি লস হয়েছিল! ১৫ মিনিট পরে আমাকেও ভুলে গিয়েছেন! আমি অবশ্য ওঁর‌ কথায় অবাক হইনি।’

  • Link to this news (এই সময়)