এই সময়, রিষড়া: নিখোঁজ হয়ে যাওয়া দুই স্কুল ছাত্রকে কাকদ্বীপ থেকে উদ্ধার করল পুলিশ। রিষড়া থানা এলাকার দুই নাবালক পড়ুয়া একজন খেলতে ও একজন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় উদ্বেগ বাড়তে থাকে পরিবারের। রাত বাড়তেই শুরু হয় খোঁজাখুঁজি।
শেষ পর্যন্ত রিষড়া থানার ওসি পরমেশ্বর প্রামাণিকের তৎপরতায় শনিবার রাতে কাকদ্বীপ থেকে উদ্ধার করা হয় দুই ছাত্রকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক নাবালক বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল। রাত ১০টা বেজে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। কোনও সন্ধান না পেয়ে তাঁরা রিষড়া থানায় যান। থানায় অভিযোগ জানানোর পরেই কাকদ্বীপ থেকে দুই শিশুকে পাওয়ার খবর আসে।
অন্য নাবালকের পরিবারের দাবি, সন্ধ্যা ৬টা নাগাদ পড়তে যাওয়ার কথা বলে সে বন্ধুর বাড়িতে যায়। সেখান থেকে কী ভাবে কাকদ্বীপে পৌঁছল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের কাছে শুধু জানিয়েছে, সে ট্রেনে উঠেছিল। তবে কেন বা কার সঙ্গে সে সেখানে গিয়েছিল, সে বিষয়ে কিছু বলতে পারেনি। দুই নাবালকের কাছেই কোনও মোবাইল ফোন ছিল না বলেও পরিবার জানিয়েছে।
উদ্ধারের পরে দুই ছাত্রের সঙ্গে কথা বলেন পরিবারের সদস্যরা। কিন্তু তারা কী ভাবে রিষড়া থেকে কাকদ্বীপে পৌঁছল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। পরিবারগুলির দাবি, বাড়িতে কোনও অশান্তি বা ঝামেলাও ছিল না। দুই ও পরিবারের তরফেই দ্রুত পদক্ষেপ করার জন্য রিষড়া থানার পুলিশ এবং ওসি পরমেশ্বর প্রামাণিককে ধন্যবাদ জানানো হয়েছে। এক নাবালকের বাবা বলেন, 'ছেলেকে খুঁজে পেয়েছি। বড়বাবুকে আন্তরিক ধন্যবাদ জানাই।' তবে দুই নাবালক কী ভাবে কাকদ্বীপে পৌঁছল, তাদের সঙ্গে কেউ ছিল কি না এবং কেন তারা বাড়ি থেকে এত দূরে চলে গেল-এই প্রশ্নগুলির উত্তর এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।