• ১৫ ফুট নীচে পড়ল সিমেন্ট বোঝাই লরি, বরাত জোরে প্রাণ বাঁচল চালক ও খালাসির
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • রাস্তা থেকে প্রায় ১৫ ফুট নীচে পড়ে গেল সিমেন্ট বোঝাই লরি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন লরির চালক ও খালাসি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর জেলার মণিনগর গ্রামে। জানা গিয়েছে, সিমেন্ট বোঝাই লরিটি মেদিনীপুরের শালবনি থেকে যাচ্ছিল। যাওয়ার কথা ছিল বাঁকুড়ার পাত্রসায়রে।

    চালক মহম্মদ শাহ জানিয়েছেন, শালবনি থেকে গাড়িতে সিমেন্ট বোঝাই করে তাঁরা রওনা দিয়েছিলেন। মণিনগরের কাছে রাস্তায় একটি ট্র্যাক্টর দাঁড়িয়েছিল। তার পেছনে একটি ডাম্পার দাঁড়িয়েছিল। দূর থেকে সেই ডাম্পারটি দেখতে পাননি চালক।

    সিমেন্ট বোঝাই লরিটি ট্র্যাক্টরের কাছে যেতেই দাঁড়িয়ে থাকা ডাম্পারটি নিয়ে রাস্তার উপরে উঠে আসে। সেই সময়ে দ্রুতগতিতে ছুটে আসা লরির চালক ডাম্পারটির সঙ্গে সংঘর্ষ এড়াতে লরিটিকে রাস্তার ধারে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মাঠে পড়ে যায় লরিটি।

    মাঠ থেকে রাস্তাটি প্রায় ১৫ ফুট উঁচু। নিয়ন্ত্রণ হারিয়ে সেই মাঠের মধ্যে উল্টে পড়ে যায় লরিটি। কোনও রকমে লরির মধ্যে থেকে বেরিয়ে আসেন গাড়ির চালক এবং খালাসি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)