বছর তিনেকের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে স্কুলের গাড়িচালককে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, ওই নাবালিকা দিল্লির বাওয়ানা এলাকায় একটি বেসরকারি স্কুলের নার্সারির ছাত্রী। অভিযোগ, চকোলেট ও লজেন্স দেওয়ার অছিলায় একাধিক বার স্কুলের বাথরুমে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করেছে চালক বিকাশ সিং। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই চকোলেট এবং লজেন্সের লোভ দেখিয়ে স্কুলের বাথরুমে নিয়ে গিয়ে আপত্তিকর ভাবে নাবালিকাকে স্পর্শ করত অভিযুক্ত। দিনের পর দিন এই ঘটনায় নাবালিকার ব্যবহারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন তার মা। গত সপ্তাহে মাকে বিস্তারিত জানায় পড়ুয়া। মাকে সে বলে স্কুলের বাথরুমে ‘বাজে কাকু’ তার হাতে চকোলেট আর লজেন্স দিয়ে বাথরুমে নিয়ে যায়। যদিও, মাকে অভিযুক্তের নাম বলতে পারেনি নাবালিকা।
এরপরেই স্কুল কর্তৃপক্ষকে সমস্ত কথা জানান ওই নাবালিকার মা। অভিযোগ দায়ের হয় পুলিশেও। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষ নাবালিকাকে একাধিক ভিডিয়ো ফুটেজ এবং ছবি দেখায়। এরপরেই অভিযুক্ত বিকাশ সিংকে শনাক্ত করে নাবালিকা। স্কুল চত্বর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। স্কুল সূত্রে জানা যায়, অভিযুক্ত বিকাশ সিং কয়েক মাস আগেই ওই স্কুলে গাড়িচালক হিসেবে কাজে যোগ দিয়েছিল।
পুলিশের অভিযোগ, একাধিক নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে এ ভাবেই স্কুলের মধ্যে হেনস্থা করত অভিযুক্ত। এক পুলিশ অফিসার দাবি করেছেন, পকেটের মধ্যে চকোলেট এবং লজেন্স নিয়ে ঘুরত ওই যুবক। এরপরে নাবালিকাদের বাথরুমে কিংবা সিঁড়ির নীচে নিয়ে গিয়ে হেনস্থা করত অভিযুক্ত। তার ফোনেও এমন একাধিক ভিডিয়ো খুঁজে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে জেরা করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।