• চারদিকে ভয়াল স্রোত, তার মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে নেপালের এই বাড়ি, কী ভাবে রক্ষা পেল ?
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। নেপালের ভয়াবহ বন্যায় চারপাশ যখন সবকিছুই কাদাজলের স্রোতে তছনছ, তখন সেই বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে একটি দোতলা বাড়ির ছবি—এমনই একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।

    ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, সবুজ রঙের তিনতলা বাড়িটার পাশ গিয়ে বয়ে যাচ্ছে রাক্ষুসে স্রোত। সেই সময়ে নুয়াকোটের এই বাড়ির বারান্দায় পরিবারের তিন সদস্য আটকে পড়েছেন। তার চারপাশ দিয়ে বয়ে চলেছে কাদাজলের স্রোত। এরপর একজন বাড়িটির ছাদে উঠে লাল কাপড় দেখিয়ে উদ্ধারকারী দলকে ‘বিপদ সঙ্কেত’ দেওয়ার চেষ্টা করছে।

    কিন্তু জলের ঝাপটায় বাড়িটির কার্নিস ভেঙে গেলেও বাড়িটি অটুট হয়ে দাঁড়িয়ে রয়েছে। যেখানে তিনতলা, চারতলা অনেক বাড়িই বন্যায় একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। কিন্তু এই বাড়িটি প্রবল জলের তোড় সামলেও টিকে রয়েছে, যা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করেছেন কী ভাবে টিকে গেল বাড়িটি?

    কী ভাবে বেঁচে গেল বাড়িটি?

    বিশেষজ্ঞদের একাংশের দাবি,এর পিছনে থাকতে পারে ওই বাড়িটির নির্মাণশৈলীর বড় ভূমিকা। নেপালে অনেক বাড়িই কাঠ, পাথরের তৈরি। এগুলি হড়পা বানের সময়ে জলের তোড়ে ধুয়েমুছে সাফ হয়ে যায়। কিন্তু ভাইরাল ছবিতে যেটুকু দেখা গিয়েছে, তাতে ওই দোতলা বাড়িটিতে ছিল কংক্রিটের কাঠামো। পাশাপাশি একটি ভাইরাল ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, বাড়িটির কাঠামো, পিলারগুলি, বিম, ভিতের সঙ্গে স্টিলের রড দিয়ে যুক্ত। ফলে জলের স্রোত বাড়িটির ভিতকে নাড়াতে পারেনি।

    বাড়িটির গুরুত্বপূর্ণ অবস্থান

    তবে শুধু কংক্রিটের কাঠামোই বাড়িটিকে রক্ষা করেছে, এমনটা নিশ্চিত ভাবে বলা যায় না। অনেক বিশেষজ্ঞের মতে, বাড়িটি মূল স্রোতের পথ থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল। শুধু তাই নয়, বাড়িটি তুলনামূলক কিছুটা উঁচু জায়গাতেও ছিল। ফলে বন্যার সবচেয়ে শক্তিশালী স্রোত সরাসরি বাড়িটিকে আঘাত করেনি। পাশাপাশি বাড়িটি দোতলা হলেও চওড়ার দিক থেকে তুলনামূলক ছোট হওয়ায় বানের জল দু’দিক দিয়ে ভাগ হয়ে বয়ে গিয়েছে।

    অলৌকিক দাবি

    অনেকে আবার ভাইরাল ভিডিয়োতে বাড়িটির এ ভাবে বেঁচে যাওয়াকে অনেকেই অলৌকিক বা ভগবানের আশীর্বাদ বলেছেন। শুধু ওই বাড়িটিই নয়, ভাইরাল ভিডিয়োতে তার আশেপাশের কয়েকটি বাড়িও টিকে ছিল। তবে নুয়াকোটের ভয়াবহ ধ্বংসস্তূপের মাঝে যে ভাবে এই বাড়িগুলি টিকে ছিল তা যেন সত্যিই বিস্ময়ের।

  • Link to this news (এই সময়)