• ‘এ বার পুজোয় উর্দি চাই’, রেজাল্টের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলায় পুলিশে চাকরিপ্রার্থীদের মিছিল
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • পুলিশে চাকরিপ্রার্থীদের (WBP Constable 2024) মিছিল। সোমবার রেজ়াল্টের দাবিতে বিশাল জমায়েত শিয়ালদহে। সেই জমায়েত এসে পৌঁছয় ধর্মতলা পর্যন্ত। চাকরিপ্রার্থীদের দাবি, রাজ্য পুলিশে নিয়োগের জন্য ২০২৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৫ সালের নভেম্বর মাসে পরীক্ষা দেন তাঁরা। শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হয়। যাঁরা পাশ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউয়ে ডাক পান।

    মিছিলে যোগদানকারীদের অভিযোগ, ফেব্রুয়ারিতে ইন্টারভিউ দিলেও বলা হয়েছিল, যে হেতু নির্বাচন রয়েছে, তাই ভোটের পরে নিয়োগ হবে। মে মাসে ভোটের ফল প্রকাশ হয়েছে, সেপ্টেম্বর মাস হতে চলল, অথচ এখনও ইন্টারভিউয়ের ফল প্রকাশ হলো না। তারই প্রতিবাদে কয়েক হাজার পরীক্ষার্থী এ দিন মিছিল করেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসেন তাঁরা।

    তাঁদের দাবি, পুজোর আগে রেজ়াল্ট প্রকাশ করতে হবে। যাতে এ বারের পুজোয় উর্দি পরে পথে নামতে পারেন, ডিউটি করতে পারেন। সরকার তা নিশ্চিত করুক, সেই দাবিকে সামনে রেখেই তুমুল বৃষ্টির মধ্যেই মিছিল করেন তাঁরা। হাতে প্ল্যাকার্ড, কোনওটায় লেখা ‘এ বার পুজোয় উর্দি চাই’, আবার কোনওটায় লেখা, অপেক্ষা আর করছি না, ‘রেজ়াল্ট ছাড়া ফিরছি না’।

    এ দিকে এই জমায়েতের জেরে ভরদুপুরে প্রবল যানজট হয় ধর্মতলা চত্বরে। ভোগান্তি হয় যাত্রীদের। যদিও চাকরিপ্রার্থীদের দাবি, হকের চাকরির জন্য পথে নেমেছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)