পিনাকী চক্রবর্তী, আলিপুরদুয়ার
বিষধর সাপের কামড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলো এক লোকো পাইলটকে। রেল সূত্রে খবর, ওই লোকো পাইলটের নাম পি ডুংডুং। তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে কর্মরত। রবিবার রাতের এই ঘটনায় সোমবার সকালে লোকো পাইলটদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে স্টেশন চত্বর।
রেল সূত্রে খবর, রবিবার গুয়াহাটি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত সিফং এক্সপ্রেস চালানোর দায়িত্ব ছিল তাঁর। ডিউটি শেষে রেলওয়ে স্কুল কলোনি এলাকায় রেলের আবাসনে নিজের ঘরে ফিরে গিয়েছিলেন তিনি। এরপরে রাত সাড়ে ১১টা নাগাদ রেল আবাসনের বাথরুমে তাঁকে সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে খবর, সাপের বিষের প্রভাবে অচৈতন্য হয়ে পড়েন তিনি। ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন বলে জানান চিকিৎসক। তবে, রেলের হাসাপাতালে ভেন্টিলেটর না থাকায় তাঁকে রাতেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় ওই লোকো পাইলটকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ার রেলওয়ে জংশন চত্বর। রেলের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে প্রতিবাদে প্রায় দেড় ঘন্টা কর্মবিরতি পালন করেন লোকো পাইলটরা। তার জেরে প্রায় দেড় ঘন্টা ধরে আলিপুরদুয়ার জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকে আপ ও ডাউনের শিলিগুড়ি বামনহাট প্যাসেঞ্জার ট্রেন।
অভিযোগ, রেলওয়ে জংশন এলাকার ঝোপঝাড় ঠিক মত পরিষ্কার না করায় গোটা রেলওয়ে জংশন স্টেশন ও রেল আবাসনগুলি সাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে। শেষ পর্যন্ত রেলের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যস্থতায় ওই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, ‘ওই লোকো পাইলটের অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি ভেন্টিলেশনে আছেন।’