• ‘কেউ যদি বিধায়কের নাম করে টাকা আদায় করতে আসে দেবেন না’, বার্তা রত্নার
    দৈনিক স্টেটসম্যান | ৩১ আগস্ট ২০২৬
  • কোনও তোলাবাজি বরদাস্ত করা হবে না। তোলাবাজিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পর্যন্ত তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন দলের বিধায়ক থেকে নেতা-কর্মীদের। এমনকী পুলিশের মধ্যে যারা এসব কাজ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপও করা হয়েছে। তোলাবাজি ঠেকাতে টোল-ফ্রি নম্বর পর্যন্ত চালু করেছে রাজ্য সরকার। আর এবার নিজের বিধানসভা কেন্দ্রে তোলাবাজি ঠেকাতে বার্তা দিলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর নাম ভাঙিয়ে কেউ টাকা চাইতে এলে ভয় না পেয়ে সরাসরি অভিযুক্তদের ছবি তুলে রাখার পরামর্শ দিলেন তিনি।

    এবার এলাকা থেকে ‘থ্রেট কালচার’ বা হুমকি সংস্কৃতি চিরতরে নির্মূল করার ডাক দিয়েছেন আরজি করের নির্যাতিতার মা। রবিবার পানিহাটিতে বিজেপি আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকার বিধায়ক সকলকে সতর্ক করে দেন তোলাবাজি নিয়ে। কারণ তাঁর নাম করে তোলাবাজি হতে পারে বলে মনে করছেন পানিহাটির বিধায়ক। এই তোলাবাজদের হুঁশিয়ারি দিয়ে বিধায়ক রত্না দেবনাথ বলেন, ‘কেউ যদি আমার নাম করে টাকা চায় তাহলে দেবেন না। যাঁরা টাকা নিতে আসছে তাদের মোবাইলে ছবি তুলে রাখবেন। আর বলবেন যদি বিধায়ক পাঠান তাহলে তার সই নিয়ে আসুন। আর নয়ত তাঁর এমএলএ প্যাডে নিয়ে আসুন। ভয় পাবেন না। সাহস করে এগিয়ে আসুন।’

    রত্নাদেবী সকল পানিহাটিবাসীকে সুন্দর পানিহাটি গড়ে তোলার বার্তা দেন। আর তখনই সাধারণ মানুষকে সাহসের সঙ্গে তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিধায়ক। সূত্রের খবর, কদিন আগে বিধায়কের নাম করে কাউ বা কারা তোলাবাজি করার চেষ্টা করেছিল। সেই খবর পৌঁছে যায় পানিহাটির বিধায়কের কাছে। তারপরই এমন পরামর্শ দিলেন তিনি। রত্না দেবনাথ এদিন স্পষ্ট ভাষায় বার্তা দেন, ‘দেখেছেন তো, বাবা আর ছেলে এখন একসঙ্গে জেলে বসে আছেন। জেলের ভিতর হয়তো বাবা নিজের ছেলেকে বলছেন, ‘তোর অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই আজ এই দশা হলো।’

    কদিন আগেই আদালতে যাওয়ার পথে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ রত্না দেবনাথকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছিলেন, ক্ষমতার লোভে বিধায়কের পরিবার মানসিক ভারসাম্য হারিয়েছে। এবার যেন সেসবেরই জবাব দিলেন পানিহাটির বিজেপি বিধায়ক। রত্না দেবনাথের পাল্টা কটাক্ষ, ‘ক্ষমতার লোভে হয়তো উনি ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাই আমার বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ করছেন। কালকে নির্মল ঘোষ আমায় নিয়ে বলেছেন, মনে হয় উনি ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়েছেন। তাই আমার নামে এই সব অভিযোগ করছেন। মেয়ের জন্য লড়াই আমি কোনও দিন ছাড়ব না।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)