• ডে কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধর, ১৫০০ টাকা দিয়ে CCTV ফুটেজ কিনলেন বাবা-মা
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • ৩ বছরের এক শিশুকে চেয়ারে বেঁধে মারধর, সেটাও আবার প্লে স্কুলে। দিল্লিতে উঠল এমনই ভয়াবহ অভিযোগ। কাঠগড়ায় ওই প্লে স্কুলের একাধিক শিক্ষক এবং কর্তৃপক্ষ। আক্রান্ত শিশুর বাবা-মায়ের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ প্রথমে মারধরের কথা অস্বীকার করেছিল। অভিযোগ, স্কুলকে টাকা দিয়ে স্কুলের সিসিটিভি ফুটেজ নিতে হয়েছে ওই শিশুর বাবা-মাকে। তারপরেই মারধরের ছবি সামনে আসে। উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর এলাকার একটি ডে-কেয়ারের ঘটনা। দিল্লি পুলিশ অভিযোগের ভিত্তিতে POCSO ধারায় মামলায় দায়ের করেছে। স্কুলের ডিরেক্টর সুনীতা বনসল, প্রিন্সিপাল নীলস, শিক্ষক সিমরান ও পূজার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এক জন কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মূল ঘটনাটি ১৮ অগস্টের। সেদিনই স্কুল থেকে ফিরে অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। বাবা-মায়ের অভিযোগ, তার পর থেকে স্কুলে যাওয়ার কথা শুনলেই ভয়ে কাঁদতে থাকত শিশু। রাতে ঠিকমতো ঘুমোতে পারত না। ৩ বছরের ওই শিশু বাবা-মাকে কানে ব্যথার কথাও জানিয়েছিল বলে। শিশুর মুখে এবং হাতে চোটের দাগ ছিল বলে অভিযোগ বাবা-মায়ের। এরপরে ডাক্তারের কাছে সন্তানকে নিয়ে যান তাঁরা। সংবাদমাধ্যম সূত্রের খবর, চিকিৎসক জানিয়েছেন ওই শিশুর দুই কানের পর্দা ফুলে রয়েছে। মারধরের জন্য এই চোট রয়েছে বলে জানান চিকিৎসক।

    শিশুর শারীরিক অবস্থা দেখে এবং ডাক্তারের কথা শুনে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হন বাবা-মা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ প্রথমে অভিযোগ অস্বীকার করে। তারপরে দীর্ঘ টালবাহানার পরে টাকার বিনিময়ে সিসিটিভি ফুটেজ পান তাঁরা। ১৬ থেকে ১৮ অগস্ট পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখেন শিশুর মা। অভিযোগ সেখানে দেখা গিয়েছে, শিশুকে চেয়ারে বেঁধে মারধর করা হয়েছে। ওই শিশুর বাবা-মায়ের অভিযোগ, ক্লাসরুমের সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য স্কুলকে ১৫০০ টাকা দিতে হয়েছে বলে অভিযোগ। সেই ফুটেজেই দেখা গিয়েছে মারধরের ছবি।

  • Link to this news (এই সময়)