দেশ জুড়ে ফাঁদ পেতেছিল সাইবার অপরাধের চক্র। বাঁকুড়া জেলায় পর্দাফাঁস। দেশ জুড়ে হওয়া ৭২ কোটি টাকা সাইবার প্রতারণার সঙ্গে সরাসরি যুক্ত সাত জনকে বাঁকুড়ার জঙ্গলমহল থেকে গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক ব্যাঙ্কের পাসবুক, মোবাইল ফোন, ট্যাব, স্ট্যাম্প ও বিপুল পরিমাণ আধার কার্ড উদ্ধার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান।
সম্প্রতি সাইবার ক্রাইম ন্যাশনাল পোর্টালের তরফে (news in bengali) বাঁকুড়া জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কোটি কোটি টাকা সাইবার প্রতারণার একটা অংশ বাঁকুড়া জেলার একাধিক এটিএম থেকে লেনদেন করা হয়েছে বলে জানতে পারে ন্যাশানাল সাইবার ক্রাইমের তদন্তকারীরা। এ বিষয়ে সতর্ক করা হয় বাঁকুড়া জেলা পুলিশকে।
সতর্কবার্তা পেতেই এই চক্রের সঙ্গে যুক্তদের চিহ্নিত করার ব্যাপারে তৎপর হয় বাঁকুড়া জেলা পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ ও হিড়বাঁধ ব্লকে ছড়িয়ে রয়েছে এই অপরাধ চক্রের জাল। এর পরেই এই অপরাধ চক্রের সঙ্গে যুক্ত রানিবাঁধ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে চার জন, হিড়বাঁধ ব্লক থেকে দু’জন ও ওড়িশার বালেশ্বরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের হেফাজত থেকে এই অপরাধের কাজে ব্যবহৃত ৩৪টি ব্যাঙ্ক পাসবুক, ১৩টি এটিএম কার্ড ও ৯টি চেকবই উদ্ধার হয়।
ধৃতদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স মিলিয়ে মোট ১৪টি পরিচয়পত্র, ৮টি মোবাইল ফোন, ১টি ট্যাব, ৪২টি সিম কার্ড ও ৩টি ইউপিআই স্ক্যানার, ১৫টি ফ্ল্যাশ স্ট্যাম্প উদ্ধার হয়। ধৃতদের জেরা করে প্রতারণার ধরন যেমন বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা, তেমনই এই সাইবার প্রতারণা চক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।