• নিশানায় অটো-টোটো, সপ্তাহের শুরুতেই জেলা জুড়ে বন্ধ বাস পরিষেবা, বিপাকে নদিয়ার যাত্রীরা
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • নদিয়া জেলা জুড়ে বন্ধ বেসরকারি বাস পরিষেবা। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যার জেরে চরম সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। প্রশাসনের তরফে রাজ্য ও জাতীয় সড়কে টোটো-অটো দৌরাত্ম্য কমানো না হলে বাস পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাসচালকরা।

    সপ্তাহের শুরুর দিন থেকেই কৃষ্ণনগর, রানাঘাট, কালনা ঘাট, করিমপুর, পলাশী, নবদ্বীপ এবং দত্তপুলিয়া-সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ রুটে চাকা ঘোরেনি বেসরকারি বাসের। বাসমালিক ও কর্মীদের স্পষ্ট অভিযোগ, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বাসের ঠিক সামনে থেকেই বেআইনি ভাবে যাত্রী তুলে নিচ্ছেন টোটো ও অটোচালকেরা। এর ফলে প্রতিদিনের তেলের খরচ ও কর্মীদের নূন্যতম বেতন পর্যন্ত উঠছে না। দিনের পর দিন চরম আর্থিক লোকসানের মুখে পড়ছেন তাঁরা।

    পূর্ব ঘোষণা সত্ত্বেও সপ্তাহের শুরুতেই হঠাৎ এই জেলাব্যাপী বাস ধর্মঘটে গোটা নদিয়ার সাধারণ ও দূরপাল্লার লক্ষ লক্ষ যাত্রী চরম দুর্ভোগের মুখে পড়েছেন। সুপর্ণা বিশ্বাস নামে এক যাত্রী বলেন, ‘আমি কলকাতা থেকে এসেছি। করিমপুর যাব। শুনলাম টোটো বা টুকটুকি গাড়ির সঙ্গে সমস্যার জন্য বাস ধর্মঘট ডাকা হয়েছে। সেটা ওদের ব্যাপার। তবে আমাদের খুব অসুবিধা তো হচ্ছেই।’

    এ বিষয়ে নদিয়া জেলা বাস মালিক সংগঠনের তরফে হরিকুমার দেবনাথ জানান, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাসের ব্যবসা করে ক্রমশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। টোটো এবং ইঞ্জিন ভ্যানের জন্য বেসরকারি বাসের ব্যবসা তলানিতে এসে ঠেকছে। প্রশাসন যে রকমটা বলছে তার উল্টো করছে অটো-টোটো চালকরা। এর প্রতিবাদ জানিয়ে বাস বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই প্রশাসন এই বিষয়ের দিকে দৃষ্টি দিক।

  • Link to this news (এই সময়)