দিল্লির বুকে এক রাত থাকতে চান? পছন্দের তালিকায় বিলাসবহুল হোটেল? সেপ্টেম্বর মাসের ট্রিপ হলে মাত্র এক দিনের জন্য খরচ হতে পারে লক্ষাধিক টাকা। কেন? আগামী মাসে ভারত মণ্ডপমে BRICS সামিট হতে চলেছে। তার জেরে সেপ্টেম্বরের কদিনের জন্য মধ্য দিল্লিতে পাঁচ তারা হোটেলের আকাল দেখা গিয়েছে। বেশ কিছু প্রথমসারির পাঁচ তারা হোটেলে ঘর পাওয়া যাচ্ছে না। কোনও কোনও হোটেলে ঘরের দাম (Room Rent) আকাশ ছুঁয়েছে। দিল্লিতে ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে ১৮তম BRICS সামিট হচ্ছে।
যেমন নয়া দিল্লির তাজ প্যালেস। ৩১ অগস্ট বিকেলে, ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ১১-১৩ সেপ্টেম্বর বুকিং অপশনই নেই। দিল্লির আরও এক পাঁচ তারা হোটেল তাজ মহলে দেখা গিয়েছে ১২ ও ১৩ সেপ্টেম্বর কোনও রুম বুক করতে দেওয়া হচ্ছে না। ১০ সেপ্টেম্বরের ঘর ভাড়া কাছেপিঠে অন্য দিনগুলির তুলনায় অনেকটাই বেশি। ১০ সেপ্টেম্বর সবচেয়ে কম দামের ঘরের ভাড়া প্রতি রাতে ৭৬ হাজার টাকা। রয়েছে সাড়ে ৩ থেকে ৪ লক্ষ টাকার স্যুট। সর্বাধিক যে স্যুট পাওয়া যাচ্ছে, তার দাম প্রতি রাতে প্রায় ১৫ লক্ষ টাকা।
দিল্লির আরও এক বিলাসবহুল হোটেল লীলা প্যালেস। দিল্লির চাণক্যপুরীতে থাকা ওই হোটেলের ওয়েবসাইট দেখাচ্ছে ১১-১২ সেপ্টেম্বর বুকিং অপশন নেই। ১০ সেপ্টেম্বর সবচেয়ে কম দামের রুম ৭৯ হাজার টাকা, ১৩ সেপ্টেম্বর ৮২ হাজার টাকা। ওই একই সময়ে রুম নেই দিল্লির ওবেরয়তেও।
দিল্লির বিলাসবহুল হোটেলের তালিকার রয়েছে ITC Maurya। এই সময় অনলাইন ৩১ অগস্ট হোটেলের ওয়েবসাইটে দেখেছে, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর রুমের ভাড়া প্রতিদিন প্রায় আড়াই লক্ষ টাকা থেকে শুরু হয়েছে। যেখানে ১-৫ সেপ্টেম্বর প্রতিদিন ১৪ হাজার টাকা ভাড়ায় ঘর পাওয়া যাচ্ছে একই হোটেলে। অক্টোবর মাসেও ১৮ থেকে ৩০ হাজার টাকার মধ্যেই রুম রয়েছে একই হোটেলে।
Shangri-La Eros, The Imperial থেকে শুরু করে Le Meridien- দিল্লির এই হোটেলগুলিতেও একই ছবি। ব্রিকসের সময়ে অধিকাংশ ক্ষেত্রেই হোটেলে রুম নেই। থেকে থাকলেও তা অত্যন্ত বেশি দামের। দিল্লি জনপথে থাকা The Imperial-এর ক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সবচেয়ে কম দামের রুম ছিল ৩০-৩৫ হাজার টাকা, সেটাই ৯ সেপ্টেম্বরে পৌঁছেছে ৮০ হাজার টাকা, সর্বোচ্চ দামের রুম পেতে একদিনে দিতে হবে ২ লক্ষ টাকা।
PTI-কে র়্যাডিসন হোটেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিখিল শর্মা বলেছেন, ‘সেপ্টেম্বরে শক্তিশালী মোমেন্টাম দেখা গিয়েছে। BRICS সামিটের জন্য চাহিদা অনেকটাই বেড়েছে। বিশেষ করে সামিটের দিনগুলিতে।’