• বোলপুরে উদ্ধার বিপুল পরিমাণ নগদ-বিদেশি মুদ্রা, তল্লাশি চালাতেই পুলিশের চোখ কপালে
    দৈনিক স্টেটসম্যান | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • টুলু মণ্ডল কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার বোলপুরে। সোমবার প্রচুর পরিমাণে বিদেশি অর্থ উদ্ধার হলো একটি গাড়ি থেকে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তায় মহিলাপুর এলাকায়। বোলপুর থানার মহিদাপুরে একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে চোখ কপালে উঠে যায় পুলিশের। গাড়ির ভিতরে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা মেলে। পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক দেশের বিদেশি মুদ্রাও।

    প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি সিউড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছিল। সেখান থেকে অন্য কোনও জেলার দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের গাড়ির গতিবেগ দেখে সন্দেহ হয়। তখনই ওই গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া হয়। পুলিশ কর্মীদের এই আচমকা দেখে মহিদাপুর এলাকায় ওই গাড়িটি দাঁড়িয়ে যায়। তারপর সেখানে তল্লাশি চালান তাঁরা। ওই গাড়িতে কয়েকজন ব্যক্তি ছিল। তাঁরা প্রথমে গাড়িতে তল্লাশি হোক তা চাননি। কিন্তু পুলিশের কড়াকড়ি শুরু হতেই বাধ্য হন তাঁরা তল্লাশির জন্য গাড়ি ছেড়ে দিতে। তারপরই সামনে আসে বিপুল পরিমাণ নগদ এবং বিদেশি টাকা ও মুদ্রাও।

    পুলিশ সূত্রে খবর, সিউড়ি থেকে একটি লাল রঙের গাড়ি যাচ্ছিল বোলপুর হয়ে ইলামবাজারের পথে। যদিও গাড়িটির মূল গন্তব্য ছিল কলকাতায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশ। ওই গাড়িকে পুলিশ ধাওয়া করে বোলপুরের মহিদাপুর এলাকায় আটকায়। কারণ পুলিশ পিছনে আসছে দেখে গাড়ির গতিবেগ বাড়িয়ে দেয়। তবে পুলিশ গাড়ি আটকানোর পর তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ট্রলিতে ভারতীয় টাকা-সহ ছিল বেশ কিছু পরিমাণে বিদেশি মুদ্রাও। পুরো ঘটনা তদন্ত করে দেখছে বীরভূম থানার পুলিশ। এই টাকার সঙ্গে টুলু মণ্ডলের কোনও যোগ রয়েছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে।

    তাছাড়া একটি সূত্র পেয়ে এদিন মহিদাপুরের এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চলে বলে পুলিশ সূত্রে খবর। গাড়িতে থাকা ট্রলি ব্যাগের ভিতর থেকে টাকা ও বিদেশি মুদ্রা কোথা থেকে এল? কোথায় সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল? কেনই বা এত নগদ টাকা এবং বিদেশি মুদ্রা গাড়িতে রাখা হয়েছিল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ। গাড়িতে থাকা ব্যক্তিদেরও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টুলু মণ্ডল কাণ্ডের আবহে আবার বীরভূমে এই বিপুল নগদ ও বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে। এই ঘটনার নেপথ্যে টুলু মণ্ডলের কোনও বেআইনি লেনদেন আছে কিনা সেটিও খতিয়ে দেখছেন পুলিশ অফিসাররা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)