• ‘পাথরসম্রাট’ টুলুর আত্মীয়ের গাড়িতে থাইল্যান্ডের টাকা, নেপথ্যে হাওয়ালা যোগ?
    প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • ফের সংবাদের শিরোনামে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তায় মহিদাপুর সংলগ্ন এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার বিপুল ভারতীয় ও বিদেশি মুদ্রা। এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই যুবক টুলু মণ্ডলের আত্মীয়। গাড়ি থেকে উদ্ধার হওয়া বিদেশি মুদ্রা টুলু মণ্ডলের বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ। বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে থাইল্যান্ডের কারেন্সি বাথ। স্থানীয়দের প্রশ্ন, তাহলে কি টুলুর দুর্নীতির সঙ্গে এই সব বিদেশি মুদ্রার কোনও যোগ রয়েছে? এর নেপথ্যে হাওয়ালা কারবারের যোগ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

    সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মহিদাপুর এলাকায় নাকা চেকিং শুরু হয়। বোলপুরের অ্যাডিশনাল এসপি মানবেন্দ্র দাস ও এসডিপিও অর্পিত আর পারেখের নেতৃত্বে এই অভিযান চলে। সেই সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ি থেকে এক যুবককে আটক করে পুলিশ। তাঁর নাম শান্ত শেখ। শুধু গাড়িতেই নয়, ওই যুবকের বাড়িতেও পুলিশ ঘিরে রেখে তল্লাশি অভিযান চালায়। ওই যুবক টুলু মণ্ডলের আত্মীয় বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া বিদেশি মুদ্রাগুলি টুলু মণ্ডলের। যদিও এই দাবির বিষয়ে পুলিশের তরফে এখনও স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি।

    নাকা চেকিংয়ের সময় বিদেশি মুদ্রা ছাড়াও আর কী কী সামগ্রী উদ্ধার হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি। তবে স্থানীয়দের মধ্যে জল্পনা, আরও মূল্যবান সামগ্রী উদ্ধার হয়ে থাকতে পারে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আপাতত মুখে কুলুপ এঁটেছে।
  • Link to this news (প্রতিদিন)