এই সময়, চোপড়া: ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করেছে বিজেপি সরকার। কিন্তু মহিলা দেখলেই বাস দাঁড় না করিয়ে গতি বাড়িয়ে চলে যাচ্ছে বলে এনবিএসটিসির একশ্রেণির চালক-কন্ডাক্টরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে সোমবার সকালে চোপড়ার কালাগছ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। তাঁদের অভিযোগ, বাসস্টপে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও একের পর এক এনবিএসটিসি বাস না থেমেই চলে যায়। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের।
এ দিন সকালে কালাগছ এলাকায় জাতীয় সড়কের ধারে বাস ধরতে দাঁড়িয়েছিলেন কয়েকজন মহিলা। অভিযোগ, পর পর কয়েকটি সরকারি বাস সেখানে না-থেমেই চলে যায়। বিক্ষোভকারীদের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রায় প্রতিদিনই একই সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের।
এমনকী, কোনও বাস থামলেও বাসকর্মীদের একাংশ মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলা যাত্রীরা। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে সামিল ঊষা বর্মন বলেন, 'সকালে কাজের জন্য বেরিয়ে দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু অবরোধ অনেক সরকারি বাস আমাদের দেখে না থেমে চলে যায়।' এ দিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ।
পুলিশের আশ্বাসের পরে তুলে নেন আন্দোলনকারীরা। অভিযোগ প্রসঙ্গে শিলিগুড়ি ডিপোর ইনচার্জ নাথুনি ঠাকুর বলেন, 'আমাদের কোনও কর্মী যদি ওই নির্দেশ অমান্য করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'