এই সময়, মালদা: বাড়ির লোকেদের না জানিয়ে দাদাকে রাখি পরাতে মুম্বই রওনা দিয়েছিল যমজ নাবালিকা। কিন্তু মহারাষ্ট্রে ঢুকেই তারা হারিয়ে যায়। ঘটনার আট দিনের মাথায় মালদার রতুয়ার ওই নাবালিকা যমজ বোনকে উদ্ধার করল মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের কল্যাণ স্টেশনের রেল পুলিশ দুই নাবালিকাকে উদ্ধারের পরে তাদের বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করে ফেরাতে উদ্যোগী হয়েছে। রবিবার নাবালিকার পরিবার মুম্বই রওনা দিয়েছে।
ষষ্ঠ শ্রেণির দুই নাবালিকা স্থানীয় একটি হাইস্কুলে পড়ে। গত ২২ অগস্ট প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ির লোকেদের না জানিয়ে কিছু টাকা নিয়ে মালদা টাউন স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়ায় পৌঁছয় ওরা। সেখান থেকেই মুম্বইগামী ট্রেনে উঠে পড়ে। ২৪ অগস্ট ওই যমজ বোন মুম্বইয়ে পৌঁছে তাদের এক দাদাকে ফোন করে বলে, 'দাদা তোমাকে রাখি পরাতে এসেছি।'
ওই যমজ নাবালিকার বাবা পুলিশকে জানান, তাঁর বড় ছেলে মুম্বইয়ের একটি সোনার দোকানে কর্মরত। ২৪ অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। কিন্তু ততক্ষণে তাঁর দুই বোন মুম্বই চলে গিয়েছে। দুই নাবালিকার দাদা বলেন, 'বাড়ি এসে শুনি বোনেরা নিখোঁজ। বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। এরই মধ্যে বোনেরা ফোন করে আমায় বলে, ওরা মুম্বই চলে এসেছে আমাকে রাখি পরাবে বলে।'