• খাবার খাওয়ার সময়ে স্বামীকে পিটিয়ে খুনে অভিযুক্ত স্ত্রী
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, দুর্গাপুর: শ্বশুরবাড়িতে খাবার খাওয়ার সময়ে স্বামীকে পিটিয়ে খুন করানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার মহাল গ্রামে। মৃতের নাম শেখ হাসমত (৪৪)।

    বীরভূমের বাসিন্দা হাসমত বেশ কিছুদিন ধরে পাণ্ডবেশ্বরে শ্বশুরবাড়িতেই থাকছিলেন। রবিবার রাত প্রায় ৯টা নাগাদ তিনি যখন রাতে খেতে বসেন, তখন তাঁর স্ত্রী নাজমা বিবি নিজের তিন ভাইকে ডেকে নিয়ে আসেন বলে অভিযোগ। এর পরে লোহার রড, শাবল ও বেলচা দিয়ে হাসমতকে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলা হয়। খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য দেহ প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও পরে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

    ঘটনায় স্ত্রী নাজমা বিবি ও তাঁর তিন ভাই-সহ মোট চার জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের ভাই শেখ আব্বাস অভিযোগ করে বলেন, ‘হাসমতের শরীরে একাধিক আঘাত রয়েছে। স্ত্রী নাজমা বিবি-সহ তাঁর তিন ভাইয়ের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’

    প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় অভিযুক্ত চার জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)