• শহরে লোকপাল ভবনে ডিনারে ভিনিরা, প্রশংসায় সৌরভ
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়

    হু–হু করে বাড়ছে টিকিটের চাহিদা। ব্রাজিল বনাম ভারত ম্যাচ এখনও প্রায় এক মাস দেরি। তাতে কী? উত্তেজনায় ফুটছে শহর কলকাতা। শুধু কলকাতা নয়, ভিনরাজ্য থেকেও তুঙ্গে টিকিটের চাহিদা। ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেছিলেন, 'সল্টলেকে ৬৫ হাজার দর্শক ধরে। কিন্তু একমাস আগে থেকেই যা চাহিদা, দর্শক আসন এক লাখ হলেও কুলিয়ে ওঠবে না!'

    ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথমবার ব্রাজিল খেলতে আসছে ভারতে। তা–ও একেবারে বিশ্বকাপের টিম। ভিনিসিয়াস জুনিয়র, কাসেমিরোদের দেখার জন্য মুখিয়ে সবাই। ৩ অক্টোবর খেলা হলেও ব্রাজিল টিম চলে আসবে অন্তত তিন দিন আগে। দু'দিন সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন মাঠে প্র্যাক্টিসও করবেন ভিনিরা।

    ম্যাচের বাইরেও নানা চমক থাকছে। যেমন, শহরে লোকপাল ভবনে গালা ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে ব্রাজিল এবং ভারত, দুই টিমের ফুটবলাররা ডিনারে মিলিত হবেন রাজ্যপাল এনআর রবির সঙ্গে। থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বর।

    কিন্তু টিকিটের দাম কত হবে? দাম কি সাধারণ মানুষের নাগালে থাকবে? এখনও পর্যন্ত যা খবর, সবচেয়ে কম দামি টিকিট আড়াই হাজার টাকার রাখা হবে। এর পর থেকে দাম উঠতে পারে তিরিশ হাজার টাকা পর্যন্ত। টিকিট অনলাইনে ছাড়া হবে। গেটে স্ক্যান করে মাঠে ঢুকতে হবে। উইন্ডো খোলার মিনিট দশেকের মধ্যে টিকিট উড়ে যাওয়ার সম্ভাবনা।

    এরই মাঝে ফুটবল ফেডারেশনের উদ্যোগের প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'বড় টিমের বিরুদ্ধে এই ধরণের আন্তর্জাতিক ম্যাচ আরও বেশি করে হওয়া দরকার। এতে আমাদের ফুটবলারদের মান বাড়বে। ক্রিকেটে টিম ইন্ডিয়া বিশ্ব সেরা টিমগুলোর সঙ্গে নিয়মিত খেলে। ফলে উন্নতি হয় প্রতিনিয়ত।'

    ব্রাজিল ম্যাচে তিনদিনের মধ্যেই আসছে উরুগুয়ে। ফলে, পুজোর আগে কলকাতা ডুববে ফুটবল জ্বরে।

  • Link to this news (এই সময়)