• নেতাজি ইন্ডোরে ‘জেন জ়ি উৎসব’, তরজা তুঙ্গে
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ, মঙ্গলবার ‘জেন জি় উৎসব’ হতে চলেছে। সেখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার–সহ একাধিক মন্ত্রীর থাকার কথা। বিভিন্ন ক্ষেত্রের বেশকিছু বিশিষ্ট ব্যক্তিত্বও সেখানে থাকতে পারেন। সুকান্ত ইতিমধ্যে বলেছেন, ‘একটি সংস্থার পক্ষ থেকে জেন জি় প্রতিনিধিদের ডাকা হয়েছে। আমাদের সর্বভারতীয় সভাপতি জেন জি়–র সঙ্গে সংযোগের কথা বলেছেন। তাই আমরা উপস্থিত থাকব।’

    এই জেন জি় ফেস্ট নিয়ে সুকান্ত সোমবার তাঁর ফেসবুক পেজে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শিলাজিৎ, তন্ময় কর, পৌষালি বন্দ্যোপাধ্যায়–সহ সংস্কৃতি জগতের অনেক ছবি রয়েছে। সুকান্তর পোস্ট করা ভিডিয়োয় ইঙ্গিত, এই ফেস্ট মূলত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে।

    সুকান্তর উপস্থিতিতে এই জেন জি় ফেস্ট নিয়ে কালীঘাট–তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘জেন জি় কেন্দ্রের শাসকদলের সঙ্গে নেই, ওঁরা তা জানেন। সেই কারণে লোকদেখানো উৎসব হচ্ছে। দিল্লিতে কী হয়েছে, সবাই দেখেছেন। জেন জি়–র ভাবনার সঙ্গে বিজেপির কাজকর্ম মেলে না। ওখানে যে জেন জি়–রা যাবেন, তাঁদের সঙ্গে প্রকৃত জেন জি়–র কোনও সম্পর্ক নেই।’

    সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কটাক্ষ, ‘জেন জি় যে প্রশ্ন করছে, তার উত্তর দেওয়া সরকারের কাজ। কিন্তু সরকার উত্তর দিতে পারছে না। তাই আরএসএস–বিজেপি জেন জি়–দের নানা ভাবে দাগিয়ে দিচ্ছে।’ যদিও সুকান্তদের যুক্তি, কিছু শক্তি জেন জি় প্রজন্মকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী একদিন রাতে (যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন) সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সেই বিভ্রান্তি দূর করেছেন।

  • Link to this news (এই সময়)