• সাতসকালে স্কুটারের শোরুমে লাগল আগুন, হইচই পানাগড়ে
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৩৫টি ই-স্কুটার। চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে যায়। জানা গিয়েছে, একটি তিনতলা বাড়ির নীচে ওই শোরুম ছিল।

    স্থানীয় সূত্রে খবর, তিনতলা বাড়িটির উপরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম প্রি প্রাইমারি স্কুল রয়েছে। তার উপরের তলায় থাকেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে প্রথম ওই বাড়ির বাসিন্দারাই ধোঁয়া বেরোতে দেখেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

    স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল এবং পুলিশ। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

    দমকলের আধিকারিক বিশ্বজিৎ মুর্মু জানিয়েছেন, আগুনে শোরুমের মধ্যে থাকা ৩৫টি ইলেকট্রিক স্কুটার পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকল ও কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। তবে, পূর্ণাঙ্গ তদন্তের পরেই আগুন লাগার সঠিক কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে দমকল ও পুলিশ।

  • Link to this news (এই সময়)