এই সময়, ধূপগুড়ি: বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ রয়েছে। ভোটের ফল বেরনোর পরের দিন থেকে হঠাৎ করে জল বন্ধ। যে পাম্পের মাধ্যমে গোটা এলাকায় পানীয় জল সরবরাহ করা হতো তার গেটে বিজেপির পতাকা লাগিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাম্পের দায়িত্বে থাকা কর্মীকেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। চার মাস ধরে জল পাচ্ছেন না জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং-২ গ্রাম পঞ্চায়েতের ঝাড়শালবাড়ি এলাকার ছ'শো পরিবার। এত দিন ধরে স্থানীয় প্রশাসন কেন কিছু করেনি, প্রশ্ন উঠেছে।
হঠাৎ করে জল বন্ধ কেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানিয়েছেন, এই বুথের ভোটাররা বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দেওয়ায় তার শাস্তি হিসেবে জলের পাম্প অফিস বন্ধ করে দিয়েছেন বিজেপি কর্মীরা। অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, পানীয় জল সরবরাহ কোনও বিজেপি কর্মী করেননি।
স্থানীয় গ্রামবাসী চঞ্চল সরকার বলেন, 'ভোটের ফল বেরোনোর আগের দিন পর্যন্ত আমরা নিয়মিত জল পেয়েছি। কিন্তু তারপরে হঠাৎ করে জল বন্ধ হয়ে যায়। বাড়ির ট্যাপ থেকেও এখন আর জল পড়ছে না। বহু বাড়িতে পানীয় জলের সংযোগ রয়েছে। কল রয়েছে, অথচ জল নেই।' আশি বছরের প্রফুল্লা সরকারের কথায়, 'এই বয়সে অনেক দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে। আগে বাড়ির কলেই জল পেতাম। এখন কখনও নলকূপ, কখনও পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে। ওই জল দিয়ে রান্না, স্নান, ঘরের কাজ-সবই করতে হচ্ছে।'
শুধু জল সরবরাহ বন্ধ করা নয়, পাম্প রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্বে থাকা কর্মীকেও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পাম্পের অস্থায়ী কর্মী জ্যোতিষ সরকার বলেন, 'পাম্পের গেটে তালা লাগিয়ে দেওয়ায় ভিতরে ঢুকতে পারছি না। কাজ করতে না-পারায় বেতনও বন্ধ হয়ে গিয়েছে।' বিজেপির দাবি, গাদং-২ গ্রাম পঞ্চায়েতের পাঁচটি এলাকার মানুষকে ওই পাম্প থেকে পানীয় জল দেওয়ার কথা ছিল। বর্তমানে একটি গ্রামের মানুষ ওই পরিষেবা পাচ্ছেন। কাজ সম্পূর্ণ না হওয়ায় অন্য এলাকার বাসিন্দারা এসে পাম্পে তালা মেরে দিয়েছেন। বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলেন, 'কেউ যদি তালা মেরে থাকে, তাহলে প্রশাসন পদক্ষেপ করবে। বিজেপির পতাকা কেউ বা কারা লাগিয়েছে তবে এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।'
সিপিএমের ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদারের প্রশ্ন, 'চার মাস ধরে জল বন্ধ অথচ প্রশাসন এতদিন কেন ব্যবস্থা নিল না, গ্রাম পঞ্চায়েতের প্রধানই বা কেন উদ্যোগ নিলেন না বুঝতে পারছি না।' গ্রাম পঞ্চায়েত সদস্য দিপালি সরকার বলেন, 'ভোটের ফলাফলের পরে কিছু মানুষ এসে তালা মেরে দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। বিষয়টি প্রধান এবং পিএইচই দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছিল।' ধূপগুড়ির বিডিও সোমনাথ হালদার বলেন, 'কোনও গ্রামবাসী অভিযোগ করেননি। ডেপুটেশনও দেননি। আমি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।'