নিম্নচাপের জেরে বৃষ্টি অব্যাহত দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে সোমবার সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে উত্তরবঙ্গেও। আজ, মঙ্গলবারও অবস্থার বিশেষ পরিবর্তন হবে না। মঙ্গলবার সারাদিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
মঙ্গলবার সারাদিনই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকবে। সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত শহরের মোট ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।